খেলাধুলা

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ শুরু আজ: গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর স্থবির হয়ে পড়া ক্রিকেটে প্রাণ ফেরাতে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে তিনটি দল করা হয়েছে। সিঙ্গেল লিগ পদ্ধতিতে হবে এই টুর্নামেন্ট । যার নাম বিসিবি দিয়েছে, ‘অদম‌্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ।’

কেন এই আয়োজন?

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করায় থমকে যায় মিরপুরের ক্রিকেট কার্যক্রম। শুরুতে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এগিয়ে আনার কথা ভাবা হয়েছিল। ১২ ফেব্রুয়ারির আগ পর্যন্ত অলিখিত ছুটির মতোই ছিল সব কার্যক্রম।

কিন্তু ক্রিকেটারদের কথা চিন্তা করে আবার মাঠে ক্রিকেট ফিরিয়েছে বিসিবি। বিশেষ করে জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে না যাওয়া বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের কথা মাথায় নিয়েই বিসিবি তড়িঘড়ি করে আয়োজন করছে এই প্রতিযোগিতা।

তিন দলের জন‌্য মোট ৩৯ ক্রিকেটারকে বাছাই করেছেন নির্বাচকরা। যেখানে জাতীয় দলের ক্রিকেটার, জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার ও ইমার্জিং এবং যুব দলের ক্রিকেটারদের রাখা হয়েছে।

কারা খেলবেন?

ধূমকেতু স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম।

দুর্বার স্কোয়াড:

হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, কাজী নুরুল হক সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, সাইফ উদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ ও আল ফাহাদ।

দুরন্ত স্কোয়াড:

জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলায়েন, এস এম মেহরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা ও ইকবাল হোসেন ইমন।

টুর্নামেন্টের ফিক্সচার:

৫ ফেব্রুয়ারি- ধূমকেতু একাদশ বনাম দূরন্ত একাদশ,

৬ ফেব্রুয়ারি- ধূমকেতু একাদশ বনাম দুর্বার একাদশ,

৭ ফেব্রুয়ারি- দুর্বার একাদশ বনাম দূরন্ত একাদশ,

৯ ফেব্রুয়ারি- ফাইনাল।

প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

টুর্নামেন্টে অর্থের ছড়াছড়ি

ক্রিকেটারদের খুশি করতে বিসিবির আয়োজন অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি টুর্নামেন্ট।  এজন্য আড়াই কোটি টাকার ম্যাচ ফি ও প্রাইজমানি ঠিক করেছে বিসিবি। বিগ বাজেটের টুর্নামেন্টে আর্থিক পুরস্কারে ছড়াছড়ি থাকবে। আয়োজকের সঙ্গে কথা বলে জানা গেছে, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ১ কোটি টাকা প্রাইজমানি পাবে। রানার্সআপ দলের জন্য বরাদ্দ ৪০ লাখ টাকা। এছাড়া ম্যাচ জিতলেই মিলবে ১০ লাখ টাকা। ম্যান অব দ্য  পুরস্কারের জন্য বরাদ্দ ১ লাখ টাকা। টুর্নামেন্ট সেরা ৫ লাখ টাকা পাবেন। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী ৩ লাখ টাকা করে পাবেন। এসব বাদে ম্যাচ ফি তো আছেই। লিস্ট ‘এ’ ক্রিকেটের মতোই ম্যাচ ফি পাবেন সব ক্রিকেটাররা।

যুক্ত হয়েছে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ এর নিয়ম

টুর্নামেন্টে নতুনত্ব বলতে যুক্ত হয়েছে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ খেলানোর নিয়ম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যে নিয়ম চালু আছে। টসের পর ইনিংসের যে কোনো পর্যায়ে বদলি হিসেবে একজন খেলোয়াড়কে মাঠে নামানো যাবে। তিনি বল ও ব্যাট দুটোই করতে পারবেন।

ম্যাচে অংশ নেওয়া উভয় দল টসের সময় চারজন সাবস্টিটিউট খেলোয়াড়ের তালিকা দেবে। এ চারজনের ভেতর থেকে যে কোনো একজনকে ম্যাচের মধ্যে বদলি হিসেবে নামানো যাবে। ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান বা বোলারের বদলে বোলার জাতীয় নিয়ম নেই এখানে।

ব্যাটিং দল ইমপ্যাক্ট প্লেয়ার নামাতে পারবে তিন সময়ে—ইনিংসের শুরুতে, ইনিংসের বিরতিতে এবং উইকেট পতনের পর। বোলিং দল ইমপ্যাক্ট নামাতে পারবে উইকেট পতনের পর, ওভারের শেষে এবং ইনিংসের শুরু ও বিরতিতে। ইমপ্যাক্ট প্লেয়ার ব্যাটিং-বোলিং দুটিই করতে পারবেন।

খেলতে পারবেন না তাসকিন

সাইনাসজনিত সমস্যার কারণে টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে তাসকিনের দল ধূমকেতু একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে মুকিদুল ইসলাম মুগ্ধকে।

দেখা যাবে টি স্পোর্টসে

দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।

আছে সংস্কৃতিক অায়োজন

প্রতিদিন ম্যাচের আগে ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানও রেখেছে বিসিবি। থাকবে লাইট শো। উদ্বোধনী দিনে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ।

দর্শকরা মাঠে প্রবেশ করতে পারবেন

দর্শকরা টিকিট কেটে দেখতে পারবেন খেলা। সর্বনিম্ন টিকিটের দাম ১০০ টাকা। সর্বোচ্চ ১০০০ টাকা। এছাড়া ২০০ ও ৫০০ টাকার টিকিটও রয়েছে। গ্যালারিতে বসে তারকা ক্রিকেটারদের খেলা দেখতে স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের লাগবে না টিকিট। তারা স্কুল অথবা কলেজ ড্রেস কিংবা স্কুল অথবা কলেরজের আইডি কার্ড নিয়ে ক্লাব হাউজে বসে খেলা দেখাতে পারবেন।

আয়োজন নিয়ে হচ্ছে সমালোচনাও

প্রশ্ন উঠেছে নতুন টুর্নামেন্টের সংস্করণ নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর হবে আরো দুই বছর পর। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টটি ৫০ ওভারের সংস্করণে আয়োজনের কোনো প্রস্তাব দিতে পারতেন না জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যরা?

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাহ উদ্দিনের ব্যাখ্যা, ‘‘প্রতিটি দলের নিজস্ব কিছু পরিকল্পনা থাকে। গত এক-দেড় বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছি। সামনে ৫০ ওভারের বিশ্বকাপ, সেভাবেই মনোযোগ দেব। সেই পরিকল্পনা করা আছে।’’