ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়ার পর থেকে মোস্তাফিজুর রহমান ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার বাদ পড়া, বাংলাদেশের বিশ্বকাপ বয়কট করা, পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করা, আইসিসির আর্থিক ক্ষতি কতো কিছু হয়ে গেল। সবকিছুর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর।
আইপিএল থেকে বাদ পড়ার পর মোস্তাফিজুরকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যুক্ত করা হয়। রাখা হয় নিলাম তালিকায়। কিন্তু নিলামের আগেই তাকে দলে ভিড়িয়েছে পিএসএলের দল লাহোর কালান্দার্স। ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে দল পেয়েছেন মোস্তাফিজুর। গতবার এই দলে খেলেছিলেন সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। তারা এখনও দল পাননি। নিলামের তালিকায় আছেন।
সময়ের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর নিলামের আগেই দলভুক্ত হবে তা বোঝা যাচ্ছিল। কেননা একাধিক দল তাকে নিয়ে আলোচনা করছিল। বৃহস্পতিবার লাহোর কালান্দার্স সামাজিক যোগাযোগ মাধ্যম বার্তায় জানিয়েছে, এবারের আসরের জন্য বাংলাদেশের বাঁহাতি পেসারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে তারা। পিএসএলে খেলার সুবাদে প্রায় ৩ কোটি বাংলাদেশি টাকা পাবেন মোস্তাফিজুর।
২০১৮ সালের পর তিনি পিএসএলে খেলার অপেক্ষায়। সেবার পাঁচটি ম্যাচ খেলেছিলেন লাহোর কালান্দার্সের হয়ে। উইকেট নিয়েছিলেন চারটি। ৮ বছর পর মোস্তাফিজুর পিএসএলে ফিরলেন পুরোনো দলে।
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুরকে দলে ভিড়িয়েছিল। ২ কোটি ভিত্তিমূল্য থেকে তিন দলের কাড়াকাড়ির পর নিলাম থেকে মোস্তাফিজুরকে কিনে নিয়েছিল মেগা স্টার শাহরুখ খানের দল। এজন্য হিন্দুত্ববাদীদের কঠোর সমালোচনার মুখে পড়েন বলিউড বাদশা ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। এ নিয়ে ব্যাপক উত্তেজনার মধ্যে আইপিএল কর্তৃপক্ষ মোস্তাফিজুরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
তারপর ক্ষোভ দেখা যায় বাংলাদেশেও। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। যেখানে মোস্তাফিজুরকে নিরাপত্তা দিতে পারেনি ভারত, সেখানে বাংলাদেশের পুরো দলকে নিরাপত্তা দেবে সেই প্রশ্ন তোলা হয়।
আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে আইপিএল। পিএসএল শুরু হবে তার তিন দিন আগে। এবার ৬ দল থেকে বাড়িয়ে ৮ দলের টুর্নামেন্ট করা হয়েছে।