খেলাধুলা

রিশাদ-তানজিম-শরিফুলের তোপে ১৪৩ রানে অলআউট দুরন্ত

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ-২০২৬ এর উদ্বোধনী দিনে মুখোমুখি হয়েছে দুরন্ত একাদশ ও ধূমকেতু একাদশ। আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামের বোলিং তোপে ১৯.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয়েছে। জিততে ধূমকেতুকে করতে হবে ১৪৪ রান।

শুরুটা অবশ্য মন্দ হয়নি দুরন্তের। ৩.২ ওভারে বিনা উইকেটে তুলে ফেলেছিল ৩১ রান। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় তারা।

ব্যাট হাতে দূরন্তর মাহফিজুল ইসলাম রবিন করেন সর্বোচ্চ ৩৯ রান। ৩৬ বলে খেলা তার এই ইনিংসে ৬টি চারের মার ছিল। অধিনায়ক ও উইকেটরক্ষক আকবর আলী করেন ১০ বলে ১ চার ও ১ ছক্কায় ১৮ রান। এছাড়া  আজিজুল হাকিম তামিম ১৬, আব্দুল গাফ্ফার সাকলাইন ১৫, এসএম মেহরব হাসান ১৫ ও জিশান আলম করেন ১৪ রান।

বল হাতে ধূমকেতুর সেরা ছিলেন রিশাদ হোসেন। তিনি ৪ ওভারে ২১ রান দিয়ে ৩টি উইকেট নেন। শরিফুল ৪ ওভারে ৩০ রানে ২টি ও তানজিম সাকিব ৪ ওভারে ৩৭ রানে নেন ২টি উইকেট। এছাড়া মোস্তাফিজুর রহমান ১.৫ ওভারে ১৬ রানে ১টি ও শেখ মাহেদী হাসান ৪ ওভারে ১৯ রানে নেন ১টি উইকেট।