পর্দা উঠলো টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। ২০ দলের টি-টোয়েন্টির মহাযজ্ঞ শুরু হচ্ছে পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে।
কলম্বোর এসএসসি মাঠে এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। পাকিস্তানের অধিনায়ক সালমান আগা টস জিতে ফিল্ডিং নিয়েছেন।
পাকিস্তানের জন্য এবারের টুর্নামেন্ট বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপসহ সর্বশেষ তিনটি আইসিসি টুর্নামেন্টে প্রথম রাউন্ড পার হতে পারেনি পাকিস্তান। এবার ভারতের বিপক্ষে ম্যাচটি তারা ওয়াকওভার দেবে। ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত এসেছে তাদের সরকারের কাছ থেকে। ফলে প্রথম ম্যাচ থেকেই রান রেটে হিসাব মাথায় রাখতে হচ্ছে তাদেরকে।
নেদারল্যান্ডস টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় দলগুলোকে চমকে দিতে পারে। বিশ্বকাপে পূর্ণ সদস্যদেশগুলোর বিপক্ষে সহযোগী দেশগুলোর জয়ের ঘটনা আছে মোট ১৫টি। এর মধ্যে সবচেয়ে বেশি ৪টিই নেদারল্যান্ডসের। ২০০৯ ও ২০১৪ সালে তারা ইংল্যান্ডকে হারিয়েছে। ২০২২ সালে হারিয়েছে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে। পাকিস্তানের বিপক্ষে কী তারা চমকে দিতে পারবে?