খেলাধুলা

ধূমকেতুকে নিয়ে ফাইনালে দুর্বার

ফাইনালে ধূমকেতু একাদশ চলেই গিয়েছিল। সমীকরণের একটু-আকটু মারপ্যাঁচ ছিল আর কি! সেটাও অনায়েসে কেটে গেল শনিবার সন্ধ্যায়। 

মিরপুর শের-ই-বাংলায় অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ম্যাচে দুর্বার একাদশ ৭ উইকেটের অনায়েস জয় পায়। তাতে ধূমকেতুকে নিয়ে দুর্বার টানা দুই জয়ে নিশ্চিত করে ফেলে প্রতিযোগিতার ফাইনাল। আগামী সোমবার মিরপুরে হবে দুই দলের শিরোপা নির্ধারণ। ধূমকেতুর কাছে প্রথম ম্যাচ হারের পর দুরন্ত একাদশ আজ হারল দুর্বারের কাছে।

আগে ব্যাটিংয়ে নেমে দুরন্ত একাদশ ১৪৫ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে ১৭.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে দুর্বার। তাদের জয়ের নায়ক পেসার সৈয়দ খালেদ আহমেদ। ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নেন তিনি। এছাড়া হাসান মাহমুদ ২৭ রানে পেয়েছেন ২ উইকেট। 

দুরন্ত একাদশের ব্যাটিং ভালো হয়নি। শুরুর ৪ ব্যাটসম্যানের কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। দলকে সেখান থেকে টেনে তোলেন আরিফুল ইসলাম ও মেহরব হাসান। দুজন ৪৫ রানের জুটি গড়েন। কিন্তু তারা কেউই ইনিংসের শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি। আরিফুল ৩২ বলে ৪১ এবং মেহরব ২৩ বলে ৩৬ রান করেন। 

জবাব দিতে নেমে দুর্বারের হয়ে ইনিংসের শুরুতে ঝড় তোলেন হাবিবুর রহমান সোহান। ১৭ বলে ১ চার ও ৫ ছক্কায় ৩৯ রান করেন তিনি। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ৫১ বলে ৫৮ রান করেন ৭ চার ও ১ ছক্কায়।

পরে দলকে জয়ের পথে এগিয়ে নেন কাজী নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন। ২৪ বলে ২৮ রান করেন সোহান। ২ চার ও ১ ছক্কা হাঁকান তিনি। আফিফ ৫ বলে ১১ রানে অপরাজিত থাকেন। 

বোলিংয়ে দুরন্তর হয়ে আব্দুল গাফফার সাকলায়েন ৩.৩ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন।