খেলাধুলা

নিউ জিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে আফগানিস্তান

একদিকে ধারাবাহিকতা ও পরিকল্পনার প্রতীক নিউ জিল্যান্ড ক্রিকেট দল, অন্যদিকে স্পিন ও অলরাউন্ড শক্তির ওপর ভর করে প্রতিপক্ষকে অপ্রস্তুত করার ক্ষমতা রাখা আফগানিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রবিবার (০৮ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের গরম ও আর্দ্র আবহাওয়ায় মুখোমুখি হয়েছে তারা।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। ফলে দ্বিতীয় ইনিংসে চাপ সামলানোর চ্যালেঞ্জ নিতে হবে নিউ জিল্যান্ডকে। যা চেন্নাইয়ের কন্ডিশনে সহজ নয়। পিচ পর্যবেক্ষণ করে আগে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত স্পষ্ট করে দেয়- আফগানিস্তান বড় স্কোর গড়ে চাপ তৈরি করতে চায়।

চেন্নাইয়ের উইকেটে প্রথম ইনিংসে বল ব্যাটে ভালো আসে। তবে ম্যাচ যত এগোয়, ততই স্পিন ও গ্রিপ বাড়ে। যা পরে ব্যাট করা দলের জন্য চ্যালেঞ্জ হয়ে ওঠে। বিশেষ করে আফগানিস্তানের মতো স্পিন নির্ভর দলের বিপক্ষে।

নিউ জিল্যান্ডের একাদশে রয়েছে আগ্রাসী সূচনা ও গভীরতা। ফিন অ্যালেন, টিম সাইফার্ট, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান ও ড্যারিল মিচেলের মতো ব্যাটাররা যে কোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারেন।

বিশেষ করে ফিলিপস ও চ্যাপম্যান মিডল ওভারে স্পিন আক্রমণের বিপক্ষে কার্যকর। তবে আফগানিস্তানের সবচেয়ে বড় অস্ত্র এখানেই- রশিদ খান ও মুজিব উর রহমান।

এই দুজনের বোলিং জুটি মাঝের ওভারগুলোতে নিউ জিল্যান্ডের রান গতি আটকে দিতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ দ্রুত বদলে যেতে পারে।

আফগানিস্তানের দায়িত্ব থাকবে অভিজ্ঞ ও তরুণের মিশেলে। রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান শুরুটা ভালো করলে আত্মবিশ্বাস পাবে দলটি। তবে নিউ জিল্যান্ডের পেস ত্রয়ী- ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও জ্যাকব ডাফি নতুন বলে বড় পরীক্ষা নেবে।

এ ছাড়া অলরাউন্ডার মোহাম্মদ নবি ও আজমতউল্লাহ ওমরজাই শেষদিকে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে। জয় মানেই গ্রুপে আত্মবিশ্বাস ও হিসাবের সুবিধা। হার মানেই সামনে কঠিন সমীকরণ। আফগানিস্তান যদি ১৭০ রানের বেশি স্কোর দাঁড় করাতে পারে, তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই তাদের হাতে থাকবে। এরপর দারুণ বোলিংয়ে যদি দ্রুত উইকেট তুলে মাঝের ওভারে স্কোর আটকে দিতে পারে তাহলে চেন্নাইয়ের দুপুরে যে কোনো মুহূর্তে রঙ বদলাতে পারে।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), ফজলহক ফারুকি, জিয়াউর রহমান, মুজিব উর রহমান

নিউ জিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, টিম সেইফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেমস নিশাম, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, জ্যাকব ডাফি।