খেলাধুলা

মেগা প্রজেক্টের আগে মাইক্রোতে চোখ তামিমের

‘‘যে কথাটা শুনে অবাক হলাম, ১৭ বছর ধরে এখানে লিগ হয় না। যে জায়গায় ১৭ বছর লিগ হয় না সেখানে খেলোয়াড় বের হবে কিভাবে?’’ – ‘ফিউচার অব স্পোর্টস ইন গাজীপুর’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে কথাগুলো বলছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 

এর আগে গাজীপুর স্টেডিয়াম ২-৩ মিনিট ঘুরে দেখেন তামিম। স্টেডিয়ামের অবকাঠামো দেখে সন্তুষ্ট হলেও অযত্ন-অবহেলায় পড়ে থাকায় অখুশি তিনি। এমন পরিবেশে কেউ নিজের সন্তান পাঠাবে না বলেও মন্তব্য করেন তামিম। 

গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির আহ্বানে সাড়া দিয়ে গাজীপুরে গিয়েছিলেন তামিম। ক্ষুদে ক্রিকেটারদের সঙ্গে সময় কাটান তিনি। অনুষ্ঠান শেষে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম মেগা প্রজেক্ট করার আগে মাইক্রো প্রজেক্টে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন।  

তামিম বলেছেন, ‘‘মাঠের অবশ্যই প্রয়োজন আছে। মাঠ অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যদি আমি মাঠ নিয়ে কাজ করি তাহলে ২-৩-৪ বছর এখানেই নষ্ট হয়ে যাবে। এই সময়ে কতোগুলো খেলোয়াড়ের জীবন শেষ হয়ে যাবে। আমরা কথা হলো, যে মাঠগুলো আমার এখন আছে সেগুলোকে আমরা পরিস্কার করে ফেলি, সেগুলোকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসি। এটার জন্য ৬ মাসই যথেষ্ট।’’

‘‘যদি সরকার মনে করে এবং পর্যাপ্ত ফান্ড থাকে…উনারা উনাদের মতো করে বড় প্রজেক্টের কথা চিন্তা করুক। আমি গাজীপুরের স্টেডিয়াম দেখেছি। অল্প কয়েক মিনিট। সেটা দেখে কিন্তু আপনিও আপনার বাচ্চাকে পাঠাতে চাইবেন না। মাঠ মাঠের মতো হবে। ফ্যাসিলিটিজ, ফ্যাসিলিটিজের মতো বিল্ডআপ হবে কিন্তু যেই জিনিসটা আমাদের আছে সেটার পরিবেশটা ভালো করে ফেলি। এটাই গুরুত্বপূর্ণ।’’ 

‘‘আমরা বড় লক্ষ্য করতে গিয়ে ছোট ছোট জিনিস মিস করি আর এসব মিসের কারণে কোনো কিছু হয় না। এটাই আমাদের লক্ষ্য যে মাইক্রো প্রজেক্টগুলো আগে ঠিক করি, মেগা প্রজেক্ট যখন হওয়ার তখন হবে।’’ – বলেছেন তামিম।  

নিয়মিত লিগ না হলে খেলোয়াড় বের হবে না তা পরিস্কার করে দিয়েছেন তামিম। খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা যায়। তাতে ভুলক্রুটি বের হয়ে আসে। এজন্য এ ধরণের আলোচনার ওপরও জোর দিতে বললেন তামিম,    ‘‘মাঠ নিয়ে প্রশ্ন আছে। মাঠ যদি ঠিকঠাক না থাকে তাহলে খেলোয়াড় বের হবে কিভাবে? আসলে শুধু ক্রিকেট বা ফুটবলে না, আমাদের পুরো স্পোর্টসে ল্যাকিংস আছে। আমরা শুধু যেই খেলা টিভিতে দেখায় কিংবা টপ লেভেলে যেটা হয় ওইটা নিয়েই ব্যস্ত থাকি। দর্শক, মিডিয়া আমরা নিজেরাও কিন্তু এটার নিচে খেলাধুলার যে কি বাজে অবস্থা ওইটা জানিনা। যদি এই ধরনের ইভেন্ট (আলোচনা) না করি তাহলে বোঝা যাবে না।’’