লা লিগার শিরোপা দৌড় ক্রমেই তীব্র হয়ে উঠছে। রবিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে ভ্যালেন্সিয়ার মাঠে কঠিন এক ম্যাচ জিতে শীর্ষে থাকা বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। মেস্তায়ায় ২-০ গোলের জয়ে ব্যবধান নামিয়ে আনা হয়েছে মাত্র এক পয়েন্টে।
এই ম্যাচে পার্থক্য গড়ে দেন তরুণ ডিফেন্ডার আলভারো কারেরাস। দ্বিতীয়ার্ধে তার একক প্রচেষ্টার গোলেই এগিয়ে যায় মাদ্রিদ। যোগ করা সময়ে আরেকটি গোল যোগ করেন কিলিয়ান এমবাপ্পে। যা নিশ্চিত করে তিন পয়েন্ট।
ম্যাচের প্রথম ভাগে আক্রমণাত্মক ভ্যালেন্সিয়াই বেশি সক্রিয় ছিল। কর্নার ও বক্সের ভেতরে বল পাঠিয়ে স্বাগতিকরা রিয়ালের রক্ষণকে ব্যস্ত রাখে। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নেয় আলভারো আরবেলোয়ার দল।
১৯তম মিনিটে প্রায় আত্মঘাতী গোল খেতে বসেছিল ভ্যালেন্সিয়া। আরদা গুলারের শট প্রতিপক্ষের শরীরে লেগে পোস্ট ঘেঁষে বাইরে যায়। এরপর একের পর এক আক্রমণে গোলকিপার স্তোল দিমিত্রিয়েভস্কিকে ব্যস্ত রাখেন এমবাপ্পে। ফরাসি তারকার একাধিক শট সামলাতে হয়েছে তাকে।
প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে ধৈর্যের ফল পায় রিয়াল। ৬৬ মিনিটে ডান দিক থেকে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে গোল করেন কারেরাস। ব্যক্তিগত দক্ষতায় করা এই গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
গোল হজমের পর ভ্যালেন্সিয়া ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। ৭১ মিনিটে ফ্রান বেলট্রানের সামনে সমতার বড় সুযোগ এলেও বল পোস্টের বাইরে চলে যায়। যা ছিল ম্যাচের সবচেয়ে বড় মিস।
সমতা ফেরাতে ব্যস্ত ভ্যালেন্সিয়ার রক্ষণ ফাঁকা হয়ে পড়লে ইনজুরি টাইমে সুযোগ পায় রিয়াল। ব্রাহিম দিয়াজের পাস থেকে সহজ ফিনিশে নিজের লিগ মৌসুমের ২৩তম গোলটি করেন এমবাপ্পে। এতে ইউরোপের শীর্ষ গোলদাতা তালিকায় বায়ার্ন মিউনিখের হ্যারি কেনের সঙ্গে ব্যবধান কমিয়ে আনলেন তিনি।
এই জয়ে ২৩ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ দাঁড়িয়েছে ৫৭ পয়েন্ট। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৮। ফলে শিরোপা লড়াই এখন আরও হাড্ডাহাড্ডি। অন্যদিকে এই হারে ভ্যালেন্সিয়া অবনমন অঞ্চলের খুব কাছাকাছি নেমে যাওয়ায় চাপে পড়ে গেছে।