খেলাধুলা

নেদারল্যান্ডসের বিপক্ষে লড়াই করার পুঁজি পেল নামিবিয়া

বিশ্বকাপে ‘এ’ গ্রুপের ম্যাচে দিল্লিতে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও নামিবিয়া। টস হেরে নামিবিয়া আগে ব্যাট করতে নেমে লড়াই করার মতো পুঁজি পেয়েছে। ৮ উইকেটে হারিয়ে সংগ্রহ করেছে ১৫৬ রান। জিততে নেদারল্যান্ডসকে করতে হবে ১২০ বলে ১৫৭ রান।

নামিবিয়ার রান দেড়শ পার করতে বড় ভূমিকা রাখেন টপ অর্ডারের দুই ব্যাটার জান ফ্রাইলিংক ও জান নিকোল লোফতি-ইয়াতন। ১০ রানেই প্রথম উইকেট হারানোর পর তারা দুজন ৫০ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে। ফ্রাইলিংক ৩ চার ও ১ ছক্কায় ৩০ রান করে আউট হন। আর লোফতি-ইয়াতন ১ চার ও ২ ছক্কায় করেন ৪২ রান।

এরপর জেরহার্ড এরাসমাসের ১৮ ও জেজে স্মিতের ২২ রানের ইনিংসে ভর করে ১৫৬ পর্যন্ত যায় নামিবিয়া।

বল হাতে নেদারল্যান্ডসের লোগান ফন বিক ৩ ওভারে ১৩ রানে ২টি ও বাস ডি লিড ৩ ওভারে ২০ রানে ২টি উইকেট নেন।

নেদারল্যান্ডস তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হার মেনেছে। নামিবিয়া অবশ্য আজ প্রথম ম্যাচ খেলতে নেমেছে।