খেলাধুলা

ডি লিডের অলরাউন্ড নৈপূণ্যে নেদারল্যান্ডসের অনায়াস জয়

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হার মানা নেদারল্যান্ডস ঘুরে দাঁড়িয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দিল্লিতে দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে হারিয়েছে ৭ উইকেটে।

নামিবিয়া আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৬ রান করে। জবাবে বাস ডি লিডের ব্যাটিং দৃঢ়তায় ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে নেদারল্যান্ডস।

ডি লিড বল হাতে ৩ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। এরপর ব্যাট হাতে ৪৮ বলে ৫টি চার ও ৪ ছক্কায় অপরাজিত ৭২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। দারুণ অলরাউন্ড নৈপূণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।

ডি লিড ছাড়া কলিন আকারমান ৩২ রান করেন। উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল লেভিট ১ চার ও ৩ ছক্কায় ২৮ রান করেন। আর স্কট এডওয়ার্ডস করেন অপরাজিত ১৮ রান।

বল হাতে নামিবিয়ার বার্নার্ড স্কেলটস, রুবেন ট্রুপেলম্যান ও জান নিকোল লোফতি-ইয়াতন ১টি করে উইকেট নেন।

তার আগে নামিবিয়ার রান দেড়শ পার করতে বড় ভূমিকা রাখেন টপ অর্ডারের দুই ব্যাটার জান ফ্রাইলিংক ও জান নিকোল লোফতি-ইয়াতন। ১০ রানেই প্রথম উইকেট হারানোর পর তারা দুজন ৫০ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে। ফ্রাইলিংক ৩ চার ও ১ ছক্কায় ৩০ রান করে আউট হন। আর লোফতি-ইয়াতন ১ চার ও ২ ছক্কায় করেন ৪২ রান।

এরপর জেরহার্ড এরাসমাসের ১৮ ও জেজে স্মিতের ২২ রানের ইনিংসে ভর করে ১৫৬ পর্যন্ত যায় নামিবিয়া।

বল হাতে নেদারল্যান্ডসের লোগান ফন বিক ৩ ওভারে ১৩ রানে ২টি ও বাস ডি লিড ৩ ওভারে ২০ রানে ২টি উইকেট নেন।