খেলাধুলা

ঢাবির ক্রীড়া উন্নয়নে বিসিবির দুই কোটি টাকার অনুদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্র আধুনিকায়ন ও ক্রিকেট মাঠের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে (ডাকসু) ২ কোটি টাকার অনুদান দিয়েছে। মঙ্গলবার এই অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। 

জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ মাহমুদ, ডাকসু ভিপি ও ক্রীড়া সম্পাদকের হাতে চেক হস্তান্তর করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বর্ষাকালে খেলা যায় না। ডাকসুর নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার সঙ্গে যোগাযোগ করে। মন্ত্রণালয়ের বাজেট ৫০ লাখ। আমি ক্রিকেট বোর্ডকে জানাই। বুলবুল ভাই, ফারুক ভাই, ফাহিম ভাই তাৎক্ষণিকভাবে সহায়তা করার জন্য সিদ্ধান্ত নেন।’’ 

বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘‘জাতীয় দলে এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকে ছিল। এখনও ক্রিকেট বোর্ডের অনেক খেলা অনুষ্ঠিত হয়। মাঠের উন্নয়ন হলে সেটা ক্রিকেটেরই উন্নয়নে ভূমিকা রাখবে।’’