বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। আহমেদবাবাদে টস হেরে আগে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। রায়ান রিকেলটন ও কুইন্টন ডি ককের ফিফটিতে ভর করে ৬ উইকেট হারিয়ে তারা ১৮৭ রান সংগ্রহ করেছে। জিততে আফগানিস্তানকে করতে হবে ১৮৮ রান।
ব্যাট করতে নেমে ৫ রানেই এইডেন মার্করামের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ফজলহক ফারুকির বলে মোহাম্মদ নবীর হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি ব্যক্তিগত ৫ রানে। এরপর ডি কক ও রিকেলটন দারুণভাবে শাসন করেন আফগানিস্তানের বোলারদের। দ্বিতীয় উইকেট জুটিতে তারা দুজন তোলেন ১১৪ রান। তাও মাত্র ৬১ বলে। ১২৬ রানের মাথায় ডি কক আউট হলে ভাঙে এই জুটি। তিনি ৪১ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৫৯ রান করেন। ১২৭ রানের মাথায় রিকেলটনকে ফিরিয়ে স্বস্তি ফেরায় আফগানিস্তান। রিকেলটন ২৮ বলে ৫টি চার ও ৪ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলেন। এরপর ডিওয়াল্ড ব্রেভিস ২৩, ডেভিড মিলার অপরাজিত ২০ ও মার্কো জানসেন ১৬ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ১৮৭ পর্যন্ত নিয়ে যান।
বল হাতে আফগানিস্তানের আজমতউল্লহ ওমরজাই ৪ ওভারে ৪১ রানে ৩টি উইকেট নেন। রশিদ খান ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ২টি। ফারুকি ৪ ওভারে ৩২ রানে নেন ১টি উইকেট।
আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ৫ উইকেটে হার মেনেছিল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচে কানাডাকে হারিয়েছিল ৫৭ রানে।