টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার রুদ্ধশ্বাস এক ম্যাচ উপভোগ করল ক্রিকেটপ্রেমিরা। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) আহমেদাবাদে ডাবল সুপার ওভারের মাচে ৪ রানে আফগানিস্তানকে হারিয়েছে প্রোটিয়ারা।
এদিন টস হেরে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৬ রান করে। জবাব দিতে নেমে ১৯.৪ ওভারে ১৮৬ রান তুলে অলআউট হয়ে যায় আফগানিস্তান। তাতে ম্যাচটি গড়ায় সুপার ওভারে। সেখানে আফগানিস্তান আগে ব্যাট করতে নেমে ১৭ রান তোলে। জবাবে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকাও তোলে ১৭ রান। তাতে আবারও সুপার ওভারে গড়ায় ম্যাচ।
সেখানে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে ৩ ছক্কায় ২৩ রান করে। জবাব দিতে নেমে আফগানিস্তান দুই উইকেট হারিয়ে ১৯ রানের বেশি করতে পারে না। তাতে রুদ্ধশ্বাস ম্যাচে ডাবল সুপার ওভার শেষে ৪ রানের দারুণ এক জয় পায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে দুই ম্যাচ খেলে দুটিই জিতে পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে এগিয়ে গেল তারা।