খেলাধুলা

দুই ভাইয়ের বীরত্বে বিশ্বকাপে প্রথম জয় পেল ইতালি

প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে ইতিহাস গড়ল ইতালি। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে দিয়েছে ১০ উইকেটের ব্যবধানে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইতালি। এরপর ১৯.৩ ওভারে মাত্র ১২৩ রানে অলআউট করে। জবাব দিতে নেমে দুই সহোদর অ্যান্থনি মোসকা ও জাস্টিন মোসকা অবিচ্ছিন্ন থেকে বিনা উইকেটে ১২৪ রান তুলে জয় নিশ্চিত করেন।

অ্যান্থনি ৩২ বলে ৩টি চার ও ৬ ছক্কায় করেন ৬২ রান। আর জাস্টিন ৪৪ বলে ৫টি চার ও ৩ ছক্কায় করেন ৬০ রান।

তার আগে নেপালের ব্যাটারদের মধ্যে কেউ ৩০ রানও করতে পারেননি। সর্বোচ্চ ২৭টি রান আসে আরিফ শেখ। তিনি ২৪ বলে ৩ চারে এই রান করেন। ১৪ বলে ২ ছক্কায় ২৩ রান করেন রোহিত পাউডেল। ২ চারে ২০ বলে ২০ রান করেন আসিফ শেখ। এছাড়া কারান কেসি ১ চার ও ১ ছক্কায় অপরাজিত ১৮ ও দীপেন্দ্র সিং আইরি ১৮ বলে করেন ১৭ রান। তাতে নেপালের সংগ্রহ ১২৩ পর্যন্ত যায়।

বল হাতে ইতালির ক্রিশান কালুগামাগে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। বেন মানেতি ৪ ওভারে ৯ রান দিয়ে নেন ২টি উইকেট। এছাড়া আলী হাসান, জেজে স্মুতস ও জাসপ্রিত সিং ১টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন ইতালির ক্রিশান কালুগামাগে।

এই জয়ে ২ ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে।