খেলাধুলা

নেশন্স লিগে আবারও মুখোমুখি স্পেন-ইংল্যান্ড, ফ্রান্সের সঙ্গী ইতালি

ইউরো ফাইনালের পুনরাবৃত্তি। আবারও একই গ্রুপে স্পেন ও ইংল্যান্ড। ব্রাসেলসে আজ শুক্রবার অনুষ্ঠিত ড্রয়ে ২০২৬-২৭ মৌসুমের উয়েফা নেশন্স লিগে জমে উঠেছে লড়াইয়ের মঞ্চ। একই সঙ্গে ফ্রান্স-ইতালি ও জার্মানি-নেদারল্যান্ডস দ্বৈরথও আলোচনায়।

ইউরো ২০২৪ ফাইনালে ইংল্যান্ডকে হারানো স্পেন নেশন্স লিগেরও সাবেক চ্যাম্পিয়ন (২০২৩)। গত আসরে তারা ফাইনালে উঠলেও পেনাল্টিতে হেরেছিল পর্তুগালের কাছে। এবার লিগ ‘এ’-এর গ্রুপ ‘এ৩’-এ স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্র। টমাস টুখেলের অধীনে ইংল্যান্ডের জন্য এটি বড় পরীক্ষা বলেই ধরা হচ্ছে।

২০২৬ বিশ্বকাপের পর ইউরোপীয় আন্তর্জাতিক ফুটবলে নেশন্স লিগই হবে মূল আকর্ষণ। এরপর নজর ঘুরবে ইউরো ২০২৮ বাছাইপর্বে। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে এ বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে, যেখানে প্রতিটি দল ঘরে-বাইরে একে অপরের মুখোমুখি হবে।

লিগ ‘এ’-এর চার গ্রুপের সেরা দুই দল মার্চ ২০২৭-এ কোয়ার্টার ফাইনালে উঠবে। সেখান থেকে চার দল জায়গা করে নেবে জুনে অনুষ্ঠিত ফাইনালসে। যা অংশগ্রহণকারী কোনো একটি দেশ আয়োজন করতে পারে।

বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল রয়েছে গ্রুপ ‘এ৪’-এ, যেখানে তাদের প্রতিপক্ষ ডেনমার্ক, নরওয়ে ও ওয়েলস। ২০২১ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স পড়েছে গ্রুপ ‘এ১’-এ, সঙ্গী ইতালি, বেলজিয়াম ও তুরস্ক। গ্রুপ ‘এ২’-এ আছে জার্মানি, নেদারল্যান্ডস, সার্বিয়া ও গ্রিস।

লিগ ‘এ’ গ্রুপ এ১: ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, তুরস্ক গ্রুপ এ২: জার্মানি, নেদারল্যান্ডস, সার্বিয়া, গ্রিস গ্রুপ এ৩: স্পেন, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র গ্রুপ এ৪: পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে, ওয়েলস

লিগ ‘বি’ গ্রুপ বি১: স্কটল্যান্ড, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া, উত্তর মেসিডোনিয়া গ্রুপ বি২: হাঙ্গেরি, ইউক্রেন, জর্জিয়া, উত্তর আয়ারল্যান্ড গ্রুপ বি৩: ইসরায়েল, অস্ট্রিয়া, রিপাবলিক অব আয়ারল্যান্ড, কসোভো গ্রুপ বি৪: পোল্যান্ড, বসনিয়া ও হার্জেগোভিনা, রোমানিয়া, সুইডেন

লিগ ‘সি’ গ্রুপ সি১: আলবেনিয়া, ফিনল্যান্ড, বেলারুশ, সান মারিনো গ্রুপ সি২: মন্টেনেগ্রো, আর্মেনিয়া, সাইপ্রাস, লাটভিয়া/জিব্রাল্টার গ্রুপ সি৩: কাজাখস্তান, স্লোভাকিয়া, ফ্যারো দ্বীপপুঞ্জ, মলদোভা গ্রুপ সি৪: আইসল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লুক্সেমবার্গ/মাল্টা

লিগ ‘ডি’ গ্রুপ ডি১: জিব্রাল্টার/লাটভিয়া, মাল্টা/লুক্সেমবার্গ, আন্দোরা গ্রুপ ডি২: লিথুয়ানিয়া, আজারবাইজান, লিচেনস্টাইন

লাটভিয়া-জিব্রাল্টার এবং লুক্সেমবার্গ-মাল্টা মার্চ ২০২৬-এ দুই লেগের প্লে-অফ খেলবে, যার মাধ্যমে তাদের লিগ নির্ধারিত হবে।