বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি প্রয়োজনে অস্ট্রেলিয়া গিয়েছেন। ওমানে এসএসসি মিটিং শেষে দেশে ফিরে দুইদিন ঢাকাতেই ছিলেন আমিনুল। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরেই ঢাকা ছেড়েছেন তিনি৷
যাওয়ার আগে পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও বিদায় নিয়েছেন। ফেরার বার্তা দিয়ে প্রত্যেককে নিজ বিভাগে যথাযথ দায়িত্ব পালনের অনুরোধ করে গেছেন।
মেলবোর্নে পরিবারের কাছে ফিরেছেন আমিনুল। জরুরি কাজ শেষে দ্রুত শেষ করে দেশে ফেরার ইচ্ছে আছে তার।
নানা ঘটনাক্রমে বিসিবি সভাপতি আমিনুলের দেশের বাইরে যাওয়া আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। জাতীয় নির্বাচনের পর আমিনুল এবং তার বোর্ড টিকবে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করে তাদের দায়িত্ব গ্রহণের পরপরই। ‘বিতর্কিত’ নির্বাচনের পর নানা কর্মকাণ্ড আরো প্রশ্ন বাড়িয়ে দেয়। তীব্র সমালোচনার মুখে পড়তে হয় বোর্ডকে। খেলোয়াড়, সংগঠকদের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে বোর্ডের।
একাধিক পরিচালকের বেফাঁস মন্তব্য, একজন পরিচালকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগগুলো বোর্ডকে আরো বিতর্কিত করে তুলে। সাংবাদিকদের মাঠে ঢুকতে না দেওয়া, কাজে বাধাগ্রস্ত করাসহ নানা কর্মকাণ্ড চলতেই থাকে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল নানা মহল থেকে। আমিনুল এর মাঝেই জরুরি প্রয়োজনে গেলেন অস্ট্রেলিয়ায়। দ্রুতই ফেরার ইচ্ছা তার। দেখা যাক, ক্রিকেটের মসনদে বসতে কবে ফেরেন তিনি?