অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ডকে আগেই বিদায় করেছিল জিম্বাবুয়ে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শেভরনরা।
কলম্বোতে শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ব্রিয়ান বেনেটের অপরাজিত ফিফটি, সিকান্দার রাজা, মারুমানি ও রায়ান বার্লের ব্যাটে ভর করে ১৯.৩ ওভারে ১৮২ রান তুলে জয় নিশ্চিত করে।
রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৯ রান তোলে জিম্বাবুয়ে। এই রানের মাথায় মারুমানি আউট হন ৫ চার ও ১ ছক্কায় ৩৪ রান করে। সেখান থেকে বেনেট ও বার্ল মিলে দলীয় সংগ্রহকে নিয়ে যান ৯৮ পর্যন্ত। এই রানের মাথায় বার্ল আউট হন ২ চার ও ১ ছক্কায় ২৩ রান করে।
এরপর বেনেট ও রাজা মিলে ৬৯ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত গড়েন। ১৬৭ রানের মাথায় রাজা ফিরেন ২ চার ও ৪ ছক্কায় ৪৫ রান করে। বেনেটকে অবশ্য আউট করা যায়নি। তিনি ৪৮ বলে ৮টি চারে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাচসেরা হন রাজা।
তার আগে শ্রীলঙ্কার ইনিংসে ব্যাট হাতে ফিফটির দেখা পান পাথুম নিসাঙ্কা। তিনি ৮টি চারে করেন ৬২ রান। মাত্র ৬ রানের জন্য ফিফটি মিস করেছেন পবন রত্নায়েকে। তিনি ২৫ বলে ৩টি চার ও ২ ছক্কায় করেন ৪৪ রান। এছাড়া কুসল পেরেরা ২২, দুনিথ বেল্লালাগে অপরাজিত ১৫ ও কুসল মেন্ডিস করেন ১৪ রান।
বল হাতে জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমার ৪ ওভারে ২৭ রানে ২টি, ব্রাড ইভান্স৩ ওভারে ৩৫ রানে ২টি ও ব্লেসিং মুজারাবানি ৪ ওভারে ৩৮ রানে ২টি উইকেট নেন।