খেলাধুলা

বৃষ্টির বিষণ্ন সুরে ভেসে গেল পাকিস্তান–নিউ জিল্যান্ডের প্রতীক্ষিত মহারণ

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম–এ পাকিস্তান ও নিউ জিল্যান্ডের সুপার এইটের লড়াই ঘিরে উত্তেজনার কমতি ছিল না। আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস থাকলেও দর্শকদের প্রত্যাশা ছিল ২২ গজে জমবে হাইভোল্টেজ লড়াই, ছুটবে চার-ছক্কার ঝড়।

কিন্তু সেই সব প্রত্যাশায় জল ঢেলে দেয় বিরামহীন বৃষ্টি। মুষলধারে বর্ষণে ম্যাচের একটি বলও মাঠে গড়ায়নি। কেবল টসটাই সম্পন্ন হয়েছিল—যেখানে পাকিস্তান অধিনায়ক সালমান আগা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

টসের পরই আবার নামে বৃষ্টি। শুরুতে হালকা থাকলেও ধীরে ধীরে তা তীব্র রূপ নেয়, ফলে ম্যাচের ভাগ্য ঝুলে পড়ে অনিশ্চয়তায়। আম্পায়াররা নিয়ম অনুযায়ী অন্তত ৫ ওভার খেলার সুযোগ রাখতে স্থানীয় সময় রাত ১০টা ১৬ মিনিট পর্যন্ত অপেক্ষার কথা ভাবেন। কিন্তু সাড়ে ৯টার পরও বৃষ্টি থামার কোনো লক্ষণ না থাকায় শেষ পর্যন্ত ম্যাচ বাতিল ঘোষণা করা হয়।

ফলে সুপার এইটের এই ম্যাচে দুই দলই পায় ১ পয়েন্ট করে।

২০ দলের বিশ্বকাপ নেমে এসেছে সুপার এইটে। সুপার এইটে রয়েছে দুটি গ্রুপ। গ্রুপ ওয়ানে আছে ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। আর গ্রুপ টুতে আছে পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড। 

গ্রুপ টু-কেই ‘গ্রুপ অব ডেথ’ বলা যেতে পারে। পাকিস্তান ও নিউ জিল্যান্ডের ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় লড়াইটা নিশ্চিতভাবে আরও জমে উঠল। এখন শুধু জয়-পরাজয় নয়, রান রেটের হিসেবও মাথায় রাখতে হবে সবগুলো দলকে।