খেলাধুলা

প্রস্তুতির মঞ্চে আত্মবিশ্বাস, চোখ পাকিস্তান সিরিজে

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ বাংলাদেশে আসছে পাকিস্তান জাতীয় দল। মিরপুরে ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। গত বছরের অক্টোবরের পর প্রথমবারের মতো ৫০ ওভারের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ।

এই সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতে চার দলের বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাজশাহী ও বগুড়ায় শুরু হচ্ছে এই প্রতিযোগিতা, যার পর্দা উঠবে সোমবার। উদ্বোধনী ম্যাচে বগুড়ায় মুখোমুখি হবে বিসিবি নর্থ জোন ও ইস্ট জোন।

নর্থ জোনের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, পাকিস্তান সিরিজের আগে এই টুর্নামেন্ট কার্যকর ভূমিকা রাখবে। তার ভাষায়, “এই টুর্নামেন্টটি আমাদের জন্য দারুণ একটি প্রস্তুতির সুযোগ। নতুন খেলোয়াড়দের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ভালো করা ক্রিকেটাররাও নিজেদের প্রমাণের মঞ্চ পাবে। চারটি শক্তিশালী দল ও ভালো দুই ভেন্যুতে খেলা হওয়ায় প্রতিযোগিতার মানও উঁচু হবে। উইকেট হবে স্পোর্টিং ও রান-বান্ধব, যা প্রস্তুতির জন্য আদর্শ। আমরা যদি এখানে ভালো করতে পারি, তাহলে পাকিস্তান সিরিজে আরও আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব।”

দেশের সেরা ৬০ ক্রিকেটারকে চার দলে ভাগ করে ডাবল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। দীর্ঘদিন পর ৫০ ওভারের ক্রিকেটে ফিরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশা করছেন শান্ত।

তিনি বলেন, “খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। উইকেট ভালো এবং স্পোর্টিং, যা দুই দলের জন্যই সমান সুযোগ তৈরি করবে। যে দল ভালো খেলবে, তারাই জিতবে। আমরা বেশ ভারসাম্যপূর্ণ একটি দল। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে ফলাফল আমাদের পক্ষেই আসবে।”

এই টুর্নামেন্টে শান্তর সঙ্গে একই ড্রেসিংরুমে থাকবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। যদিও ওয়ানডে ফরম্যাটে সময়টা ভালো যাচ্ছে না তার। ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনেতে ৬৬ রানের পর আর কোনো ফিফটি নেই তার ব্যাটে। পরের ছয় ইনিংসে সর্বোচ্চ ৪৫ রান করেছেন, আর শেষ আট ইনিংসে চারবার আউট হয়েছেন শূন্য রানে।

তবুও সতীর্থের ওপর পূর্ণ আস্থা রাখছেন শান্ত। তিনি বলেন, “লিটন দাস যেভাবে টি-টোয়েন্টি খেলছে এবং টেস্টে নিয়মিত পারফর্ম করছে, তাতে ওয়ানডে নিয়ে তার খুব বেশি চিন্তার কিছু নেই। সে ভালো ছন্দেই আছে। আমি অধিনায়ক হিসেবে একদমই চিন্তিত নই। তার অভিজ্ঞতা ও ম্যাচিউরিটি দলকে অবশ্যই সাহায্য করবে, এবং আমি বিশ্বাস করি সে দলকে ভালো কিছু উপহার দেবে।”