জুন-জুলাইয়ে বাংলাদেশ অংশ নেবে দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাছাইপর্বে সাত ম্যাচের সাতটি জিতে অপরাজিত দল হিসেবে বাংলাদেশ পেয়ে গেছে বিশ্বকাপের টিকিট।
প্রথমবারের মতো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২ দল অংশ নেবে। দুইটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দিতা করবে দলগুলো। সব মিলিয়ে ম্যাচ গবে ৩৩টি। ১২ জুন টুর্নামেন্ট শুরু হবে। ২৪ দিনের রোমাঞ্চকর প্রতিযোগিতা শেষ কবে ৫ জুলাই। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে হবে ফাইনাল ম্যাচ।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি মঙ্গলবার ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’-তে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানকে। ‘বি’ গ্রুপে রয়েছে নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সাতটি ঐতিহাসিক ও আধুনিক ভেন্যুতে- লর্ডস (লন্ডন), ওল্ড ট্রাফোর্ড (ম্যানচেস্টার), হেডিংলি (লিডস), এজবাস্টন (বার্মিংহাম), হ্যাম্পশায়ার বোল (সাউদাম্পটন), দ্য ওভাল (লন্ডন) এবং ব্রিস্টল।
বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে, এজবাস্টনে। সকাল সাড়ে দশটায় শুরু হবে ম্যাচ। একই দুজন একই ভেনু্যতে ভারত ও পাকিস্তানের ম্যাচ। ১৭ জুন বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। খেলা হবে হেডিংলিতে।
তিন দিন পর হ্যাম্পশায়ারে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। পাঁচদিনের বড় বিরতির পর ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। এরপর ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা।
২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত ছয় আসরে বাংলাদেশ ২৫ ম্যাচে ৩টিতে জিতেছে। এবার বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ হবে নিজেদের বিশ্বকাপের মূলমঞ্চে তুলে ধরার।