খেলাধুলা

নারী বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা

প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করতে যাচ্ছে নারীদের ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা ওমেন্স বিপিএল। এর আগে একাধিকবার আশ্বাস দিলেও এবার মাঠে গড়াবে টি-টোয়েন্টি প্রতিযোগিতা। যেখানে অংশগ্রহণের সুযোগ থাকবে বিদেশি ক্রিকেটারদেরও।

বিসিবির নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা জানিয়েছেন, ভারতীয় নারী ক্রিকেটাররাও চাইলে বিপিএলে খেলতে পারবেন। ভারতীয়দের স্বাগত জানাতে প্রস্তুত নারী বিপিএল। নেই কোনো বাধা।

তিনটি দল নিয়ে চট্টগ্রাম ও ঢাকায় ৪ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত আয়োজন করা হবে নারী বিপিএল। ফাইনাল হবে ঢাকায়। সেদিন আয়োজন করা হবে সাংস্কৃতিক প্রতিযোগিতাও। আয়োজন গুছিয়ে আনার কাজ করছে বিসিবি। বড় করপোরেট প্রতিষ্ঠানকে দলগুলোতে যুক্ত করার প্রক্রিয়া চলছে। ফ্রাঞ্চাইজি ফি বাবদ চাওয়া হয়েছে ৬০ লাখ টাকা। এছাড়া টিভি সম্প্রচার স্বত্বও বিক্রি করার প্রক্রিয়া চলছে। শুধু আয়োজনই নয়, টুর্নামেন্টটি লাভবান করার উদ্যোগও নিয়েছে বিসিবি।

রুবাবা দৌলা বলেছেন, ‘‘খেলোয়াড় বাছাইয়ে ড্রাফট পদ্ধতি অনুসরণ করা হবে এবং এজন্য একটি আনুষ্ঠানিক আয়োজন করা হবে। প্রতিটি দলে ন্যূনতম দুইজন বিদেশি খেলোয়াড় থাকতে হবে, যা তিন থেকে চারজন পর্যন্ত হতে পারে।’’

ভারতীয় পুরুষ ক্রিকেটাররা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলার অনুমতি না পেলেও নারীরা পান। বিগ ব‌্যাগ এবং দ‌্য হানড্রেড টুর্নামেন্টে নিয়মিত খেলছেন হারমানপ্রীত কৌর, জেমিমা রদ্রিগেজরা। এছাড়া নিজেদের ওমেন্স আইপিএল তো আছেই। ভারতীয় ক্রিকেটাররা আগ্রহ দেখালে তাদের দেখা যেতে পারে বিপিএলেও।

রুবাবা বলেছেন, “ইতোমধ্যেই বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটার আগ্রহ দেখিয়েছেন। দলগুলো খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করে চূড়ান্তভাবে চুক্তি সম্পন্ন করবে। কিছু পরিচিত তারকা খেলোয়াড়ও আগ্রহ প্রকাশ করেছেন।” ভারতীয় খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে তিনি বলেছেন, ‘‘আমরা সবার জন্য উন্মুক্ত। কোনো নির্দিষ্ট দেশের জন্য আলাদা কোনো বিধিনিষেধ নেই। যারা আগ্রহ দেখাবে এবং যেসব দল তাদের নিতে চাইবে, তারা নিতে পারবে।”

খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারণে পাঁচটি ক‌্যাটাগরিও করা হয়েছে। আইকন ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৭ লাখ, ‘বি’ ক্যাটাগরি ৫ লাখ, ‘সি’ ক্যাটাগরি ৩ লাখ এবং ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১ লাখ ৫০ হাজার টাকা।