খেলাধুলা

ভারতের রান বন্যার জবাব দিল জিম্বাবুয়েও

ভারতের ইনিংসের পরই ম্যাচের এপিটাফ লিখা হয়ে গিয়েছিল। জিম্বাবুয়ের জন্য রেকর্ড গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় রান তাড়া করা কঠিনই নয়, অসাধ্যও বটে! কিন্তু তারা জবাব তো দিতে পারে? নিজের খেলাটা তো খেলতে পারে? 

চেন্নাইয়ের চীপকে রান প্রসবা উইকেটে জিম্বাবুয়ে সেই চেষ্টা করে মান রেখেছে। জিম্বাবুয়ের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ভারত চার-ছক্কার বৃষ্টি নামিয়ে ৪ উইকেটে ২৫৬ রান করে। জবাব দিতে নেমে জিম্বাবুয়ে বেনেটের অপরাজিত ৯৭ রানের ইনিংসে ৬ উইকেটে ১৮৪ রান তোলে। ৭২ রানের হারে বিশ্বকাপ থেকে ছিটকে গেল জিম্বাবুয়ে। 

এবারের বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় রান সংগ্রহের রেকর্ড গড়েছে ভারত। ভেঙেছে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের করা ২৫৪ রানের রেকর্ড। ভারতের একটু আক্ষেপ থাকতে পারে। আর ৪ রান পেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডটা নিজেদের করে নিতে পারত। ২০০৭ বিশ্বকাপে শ্রীলঙ্কা কেনিয়ার বিপক্ষে ২৬০ রান করেছিল।

পুরো ইনিংসে ১৭ ছক্কা মেরেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। যা তাদের সর্বোচ্চ। এছাড়া এবারের আসরে ৬৩ ছক্কা মেরে আগের আসরের ৬১ ছক্কার রেকর্ডকে ছাড়িয়ে গেছে। 

একই ছন্দে পুরো ইনিংসে এগিয়েছে ভারত। রান রেট ৮-১০ এর ভেতরে রেখেছেন ব্যাটসম্যানরা। পাওয়ার প্লে’তে ৮০ রান পায় ১ উইকেট হারিয়ে। একাদশে ফেরা সানজু সামসান ১৫ বলে ২৪ রান করে বিদায় নেন। সেখান থেকে ইশান কিশান ও অভিষেক শর্মা ৪২ বলে ৭২ রানের জুটি গড়েন।

ভারতের জয়ের সঙ্গে এই ম্যাচে প্রাপ্তি অভিষেকের রানের ফেরা। ৩০ বলে ৫৫ রান করেন ৪টি করে চার ও ছক্কায়। এছাড়া ইশান কিশান ২৪ বলে ৩৮ রান করে ফেরেন সাজঘরে। কার্যকরী ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ১৩ বলে ৩৩ রান করেন ৩ চার ও ২ ছক্কায়।

ভারতের রান কতদূর যাবে তা নির্ভর করছিল হার্দিক পান্ডিয়ার ওপর। হার্ডহিটার নিরাশ করেননি। ২৩ বলে ৫০ রান করেন ২ চার ও ৪ ছক্কায়। খোলস থেকে বেরিয়ে তিলক ভার্মা ছিলেন অনন্য। ১৬ বলে ৪৪ রান করেন ৩ চার ও ৪ ছক্কায়। দুজনের ৩১ বলে অবিচ্ছিন্ন ৮৪ রানের জুটিতেই জিম্বাবুয়ে শেষ দিকে এলোমেলো হয়ে যায়। যেখানে রান রেট ছিল ১৬.২৫।

জিম্বাবুয়ের বোলিং এদিনও ভালো হয়নি। বোলারদের সঙ্গে খারাপ সময় কাটিয়েছেন ফিল্ডাররা। ইনিংসের শুরুতেই দুটি সহজ ক্যাচ ছেড়েছেন ফিল্ডাররা। বড় দলগুলোকে সুযোগ দিলে কতটা ক্ষতি হতে পারে তা নিশ্চিতভাবেই বুঝে গেছে তারা। 

জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট টুর্নামেন্টের শুরু থেকেই ভালো করছেন। ভারতের বোলিংয়েও তার আত্মবিশ্বাসে চিড় ধরেনি। ৫৯ বলে ৮ চার ও ৬ ছক্কায় ৯৭ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। সেঞ্চুরির সুযোগ ছিল। এজন্য সতীর্থদের এগিয়ে আসার দরকার ছিল। তা হয়নি বলেই ৩ রানের আক্ষেপ করতে হয়েছে তাকে। সেঞ্চুরি না পেলেও টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনি। ৫ ইনিংসে তার রান ২৭৭। সমান ইনিংসে পাকিস্তানের শাহিবজাদা ফারহানের রান ২৮৩। 

বেনেট বাদে রান পেয়েছেন সিকান্দার রাজা ও মারুমানি। ওপেনিং জুটিতে মারুমানি ও বেনেট ৪৪ রান করেন। ২০ রান করেন মারুমানি। তৃতীয় উইকেটে জিম্বাবুয়ের অধিনায়ক রাজা ৩১ রান যোগ করেন। ২টি করে চার ও ছক্কা ছিল তার ইনিংসে। 

জয়ের জন্য রানের পাহাড় ছুঁতে হতো জিম্বাবুয়েকে। ভারতের বোলিংয়ের সামনে সেই সুযোগটি পায়নি তারা। আর্শদ্বীপ ২৪ রানে ৩ উইকেট নিয়ে ছিলেন সেরা। ১টি করে উইকেট পান বরুণ, অক্ষর ও শিভাব দুমে। 

ভারতের পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেমিফাইনালে যেতে তাদের হারাতেই হবে ওয়েস্ট ইন্ডিজকে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়েকে হারালে সহজেই পেয়ে যাবে সেরা চারের টিকিট।