খেলাধুলা

ন্যু ক্যাম্পে আর ফিরছেন না মেসি

বার্সেলোনার নীল-লাল জার্সিতে লিওনেল মেসির আরেকবার মাঠে নামার কল্পনা বহুদিন ধরেই সমর্থকদের মনে দোলা দিচ্ছিল। নির্বাচনী আবহে সেই গুঞ্জন আরও জোরাল হয়েছিল। কিন্তু এবার স্বয়ং আর্জেন্টাইন মহাতারকার অবস্থান স্পষ্ট- খেলোয়াড় হিসেবে আর ফেরা নয়।

ক্লাব সভাপতির নির্বাচন ঘিরে কাতালান শহরে এখন উত্তেজনা। সাবেক সভাপতি হোয়ান লাপোর্তা পদত্যাগ করে আবারও প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। প্রচারণায় বিভিন্ন প্রার্থী নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এরই মধ্যে মার্ক সিরিয়া সমর্থকদের আবেগে সাড়া দিতে মেসির ছবি সম্বলিত বিশাল পোস্টার উন্মোচন করে ঘোষণা দেন তাকে ফেরানো হবে। কিন্তু আবেগ আর বাস্তবতার মধ্যে ব্যবধান যে বড়, তা স্পষ্ট হয়ে গেছে দ্রুতই।

কাতালুনিয়ার এক সাংবাদিক জানিয়েছেন, মেসি তার ঘনিষ্ঠজনদের মাধ্যমে সভাপতি পদপ্রার্থীদের জানিয়ে দিয়েছেন- তিনি খেলোয়াড় হিসেবে আর বার্সেলোনায় ফিরবেন না। অর্থাৎ ন্যু ক্যাম্পে সম্ভাব্য ‘শেষ নৃত্য’ এর স্বপ্ন আপাতত বন্ধ।

৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন। সেখানে তার চুক্তি ২০২৮ পর্যন্ত। ফলে সক্রিয় ফুটবলজীবনে কাতালান ক্লাবে ফেরার সম্ভাবনা কার্যত নেই।

২০২১ সালে আর্থিক জটিলতার কারণে ক্লাব তার চুক্তি নবায়ন করতে পারেনি। দীর্ঘ ১৭ বছরের অধ্যায় শেষ করে তাকে বিদায় নিতে হয়। এরপর ফ্রান্সের প্যারিসে দুই মৌসুম এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে নতুন অধ্যায়।

বার্সেলোনার হয়ে মেসি খেলেছেন ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত। ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ গোল, জিতেছেন ১০টি লিগ শিরোপা, ৪টি ইউরোপসেরা ট্রফি ও অসংখ্য ঘরোয়া ও আন্তর্জাতিক সম্মাননা। ব্যক্তিগতভাবে ৮টি গোল্ডেনবল জয় তার কীর্তির অংশ।

খেলোয়াড় হিসেবে ফেরা না হলেও, ভিন্ন ভূমিকায় ভবিষ্যতে ক্লাবে যুক্ত হওয়ার সম্ভাবনা নাকচ করেননি মেসি। প্রশাসনিক বা ক্রীড়া পরিকল্পনায় ভূমিকা রাখতে পারেন- এমন ইঙ্গিত ঘনিষ্ঠ সূত্রে শোনা যাচ্ছে।

সমর্থকদের কাছে মেসি শুধু এক খেলোয়াড় নন, এক যুগের প্রতীক। তাই তার ফেরার গুঞ্জন মানেই আবেগের জোয়ার। তবে এবার সেই আবেগে নিজেই রেখেছেন স্পষ্ট রেখা। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা জানিয়ে দিলেন- অতীতের স্মৃতি অমলিন থাকুক, কিন্তু নতুন অধ্যায় শুরু হয়েছে অন্য আকাশের নিচে।