অস্ট্রেলিয়ার সিডনিতে নারী এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে প্রাক ম্যাচ সংবাদ সম্মেলন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার এবং অধিনায়ক আফিদা।
সোমবার (২ মার্চ) দুপুরে ম্যাচ ভেন্যু কমব্যাংক স্টেডিয়ামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চীনা দলের দীর্ঘ ব্রিফিংয়ের কারণে নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হয় বাংলাদেশ দলের সেশন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার চীনের বিপক্ষে ম্যাচের কৌশল ও প্রস্তুতি নিয়ে স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, “শক্তিশালী আক্রমণভাগের বিপক্ষে খেলতে হলে রক্ষণভাগকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।”
বাটলার বলেন, “তিন ডিফেন্ডার নাকি চার বা পাঁচ ডিফেন্ডার নিয়ে মাঠে নামা হবে, সে সিদ্ধান্ত ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নেওয়া হবে।” তার মতে, নির্দিষ্ট ফরমেশনের চেয়ে সংগঠিত রক্ষণ ও শৃঙ্খলাই বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “চীনের মতো দলের বিপক্ষে খেলতে হলে রক্ষণভাগকে খুব ডিসিপ্লিন হতে হবে। কাঠামো ও সংগঠন ঠিক রাখতে হবে। মাঠেই চূড়ান্ত ফরমেশন ঠিক করা হবে।”
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৭টায় সিডনিতে বাংলাদেশ বনাম চীন ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি হবে ফ্লাডলাইটের আলোতে। সন্ধ্যায় ঠান্ডা আবহাওয়া ও বাতাসের বিষয়টি মাথায় রেখেই দল প্রস্তুতি নিয়েছে বলে জানান কোচ।
গত এক সপ্তাহ দল দিনের আলোতে অনুশীলন করলেও বাটলারের বিশ্বাস, আলো পরিবর্তন কোনো সমস্যা তৈরি করবে না। তিনি বলেন, “জুবিলি স্টেডিয়ামের অনুশীলন মাঠ খুব ভালো। লাইটে খেলতে কোনো অসুবিধা হবে না।”
হাই লাইন ডিফেন্সেই আমরা প্রস্তুত: আফিদা খন্দকার সংবাদ সম্মেলনে অধিনায়ক আফিদা খন্দকার রক্ষণভাগের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসের কথা বলেন। চীনের ফরোয়ার্ডদের সামলানোর দায়িত্ব যে কঠিন, তা স্বীকার করলেও প্রস্তুতিতে ঘাটতি নেই বলে জানান তিনি।
আফিদা বলেন, “কয়েক দিন ধরে এই ফরমেশনে অনুশীলন চলছে। প্রতিদিন উন্নতি হচ্ছে। আমরা যে হাই লাইন ডিফেন্স অনুশীলন করেছি, সেটাই খেলব।”
চীনের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য বড় পরীক্ষা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এই ম্যাচেই আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের রক্ষণভাগ ও কৌশলগত প্রস্তুতির বাস্তব চিত্র স্পষ্ট হবে।