খেলাধুলা

মধ্যপ্রাচ্যে অস্থিরতা, নিরাপদে দেশে ফিরলেন মুশফিকুর

মধ্যপ্রাচ্যে টানটান উত্তেজনার কারণে সৌদি আরবের জেদ্দায় আটকে পড়েছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। উদ্বেগ আর উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে নিরাপদেই দেশে ফিরেছেন তিনি।

সোমবার (০২ মার্চ, ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই সুখবর জানান তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, মুশফিক নিরাপদে বাসায় ফিরেছে। আল্লাহ সবকিছু সহজ করে দিয়েছেন।”

পরিবারের সদস্য, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া এবং মানসিক সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। একই সঙ্গে চলমান আঞ্চলিক উত্তেজনা দ্রুত প্রশমিত হওয়ার কামনাও জানান।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, মুশফিকের পরিস্থিতি তিনি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন এবং ক্রিকেটারের সঙ্গে তার কথা হয়েছে।

দিনের শুরুতেই নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক জানান, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উঠেছেন এবং সোমবার ঢাকায় পৌঁছাবেন।

ঘটনার সূত্রপাত শনিবার। মুশফিক জানিয়েছিলেন, জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হলেও যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে আকাশপথে অনিশ্চয়তা তৈরি হয়। ফলে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরে আসে। হাজারো যাত্রীর সঙ্গে তিনিও বিমানবন্দরে আটকা পড়েন।

সেই পোস্টে তিনি লিখেছিলেন, “শুধু মহান আল্লাহ জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরতে পারব। সবার কাছে দোয়া চাই।”

অবশেষে সেই অনিশ্চয়তার অবসান। পরিবারের কাছে ফিরেছেন মুশফিক। দেশের ক্রিকেটপ্রেমীরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।