বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে আজ (মঙ্গলবার) মুখোমুখি হবে বিসিবি নর্থ জোন এবং বিসিবি সেন্ট্রাল জোন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবা-রাত্রির ফাইনাল ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।
ঐতিহ্যগতভাবেই বিসিএল চার দিনের প্রতিযোগিতা এবং দেশের শীর্ষস্থানীয় প্রথম শ্রেণির টুর্নামেন্ট। তবে পাকিস্তান সিরিজকে সামনে রেখে এবার ওয়ানডে ফরম্যাটে আয়োজন করা হয়। যাতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে পারে জাতীয় দলের ক্রিকেটাররা। পরে হবে প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা।
লিগ পর্বে তিনটি করে ম্যাচ খেলে দু’টিতে জিতে সমান ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে নর্থ জোন ও সেন্ট্রাল জোন। লিগ পর্বে একটি করে ম্যাচ হেরেছে উভয় দলই।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মিরপুরে অনুশীলন করে নাজমুল হোসেন শান্তদের। ব্যাটিং-বোলিংয়ে শেষ মুহূর্তের জন্য নিজেদের ঝালিয়ে নিয়েছেন। আড়াই ঘণ্টা নর্থ জোনের অনুশীলন শেষে ৩টার দিকে নেট অনুশীলনে আসে সেন্ট্রাল জোন। তবে আকস্মিক বৃষ্টির কারণে ভেস্তে যায় তাদের অনুশীলন।
ফাইনালের আগে সেন্ট্রাল জোনের ওপেনার সাইফ হাসান গণমাধ্যমে বলেছেন, ‘‘গত এক-দেড় বছরে দেখবেন, আমি ওয়ানডে খেলার খুব একটা সুযোগ পাইনি। অল্প কিছু ম্যাচ খেলেছি, কিন্তু সেগুলো ছিল টি-টোয়েন্টি সিরিজের মাঝখানে। তাই এখন সামনে যেহেতু ওয়ানডে সিরিজ আছে, এই বিরতিগুলোতে প্রস্তুতি নেয়া খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে বিসিবি ওয়ানডে ফরম্যাটে বিসিএল আয়োজন করছে। আন্তর্জাতিক সিরিজের আগে ম্যাচ প্র্যাকটিস একজন ব্যাটারের জন্য আশীর্বাদ। ফাইনালে খেলার সুযোগ আত্মবিশ্বাস বাড়াবে। মিরপুরের উইকেট স্পোর্টিং হবে এবং ব্যাটার-বোলার উভয়ই সহায়তা পাবেন। বগুড়া-রাজশাহীতে সাধারণত খুব ভালো উইকেট থাকে আর মিরপুরে দিবা-রাত্রির ম্যাচ, আশা করি ভালো উইকেট থাকবে।’’
বিসিবি নর্থ জোনের কোচ তারেক আজিজ খান বলেছেন, ‘‘আমাদের সব প্লেয়ার প্রস্তুত ফাইনাল ম্যাচের জন্য। একটি সঠিক কম্বিনেশন নিয়ে মাঠে নামতে চাই এবং কাঙ্খিত ফলাফল বের করে আনতে চাই। বিপিএলে এবার চমৎকার উইকেট ছিল। বড় রান করার যে অভ্যাস বা ফ্ল্যাট উইকেটে বল করার যে অভ্যাস, সেটি প্লেয়াররা দুভাবেই রপ্ত করার সুযোগ পাবে। বাংলাদেশের প্রায় সব সেরা প্লেয়াররা এখানে আছে। এটি নির্বাচকদের জন্যও একটি সুযোগ, কারো সম্পর্কে সন্দেহ থাকলে সেটি দেখে নেয়ার। সব প্লেয়ারের জন্য এটি ভালো সুযোগ ছিল। টিমগুলোও বেশ ভারসাম্যপূর্ণ ছিল।’’
খেলাটার সময়সূচি এমনভাবে করা হয়েছে যেন ইফতারের সময় পাওয়া যায়। বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রথম ইনিংস শেষ হবে। এরপর ইনিংস ব্রেক ৪০ মিনিট।
দুই দলের একমাত্র মুখোমুখিতে নর্থ জোনকে ২ উইকেটে হারিয়েছিল সেন্ট্রাল জোন। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে তাওহীদ হৃদয়ের ১০২ রানের সুবাদে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রান করে নর্থ জোন। জবাবে ওপেনার জিসান আলমের ৯৩ বলে ১২৭ রানের ইনিংসের সুবাদে ৪ বল বাকী রেখে জয় তুলে নেয় সেন্ট্রাল জোন। আজ কী তাদের প্রতিশোধ নেওয়ার পালা?
শিরোপার হাসি হাসবে কে? উত্তরটা জানার জন্য অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত।