খেলাধুলা

দ্য হান্ড্রেডের নিলাম: নাম দিয়েছিলেন ২৩ জন, আছেন কেবল ২

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ২৩ ক্রিকেটার। কিন্তু চূড়ান্ত তালিকায় আছেন মাত্র ২ জন। অনুমিতভাবেই যে ২ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম এখন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আলোচনায় থাকে তাদেরকেই নিলামে তুলবে দ‌্য হান্ড্রেড কর্তৃপক্ষ।

পেসার মোস্তাফিজুর রহমান ও লেগ স্পিনার রিশাদ হোসেন জায়গা করে নিয়েছেন চূড়ান্ত তালিকায়। চূড়ান্ত ক্রিকেটারদের তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট কর্তৃপক্ষ। মূলত দলগুলোর আগ্রহ আছে এমন ক্রিকেটারদের রেখেই অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের নিলাম।

ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের নিলামের জন্য নাম লিখিয়েছিলেন প্রায় এক হাজার ক্রিকেটার। এই দীর্ঘ তালিকায় বাংলাদেশের ২৩ ক্রিকেটারও ছিলেন। মোস্তাফিজুর, রিশাদ ছাড়াও তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাইফ হাসান, সাব্বির রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম নাম দিয়েছিলেন। কিন্তু তাদের নাম চূড়ান্ত তালিকায় নেই। মোস্তাফিজুরের ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড। রিশাদের ৭৫ হাজার পাউন্ড।

আগামী ১১ ও ১২ মার্চ প্রথমবারের মত দ্য হান্ড্রেডের নিলাম অনুষ্ঠিত হবে। আগে প্লেয়ার ড্রাফটের মাধ্যমে খেলোয়াড়দের দলে নেওয়া হত। ২১ জুলাই শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৬ আগস্ট পর্যন্ত।

দ্য হান্ড্রেডের যাত্রা শুরু হয়েছিল ২০২১ সালে। পাঁচটি আসর হলেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাননি। এবার মোস্তাফিজুর দল পান কি না, সেটাই বড় কৌতূহলের বিষয় হয়ে উঠেছে। শুধু মোস্তাফিজুরই নন, রিশাদ হোসেনকে নিয়েও আলোচনা আছে। দুজনই ফ্রাঞ্চাইজি ক্রিকেট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ছন্দে আছেন। তাদের দিকে বাড়তি নজর পড়তে পারে দলগুলোর।