খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার থাকবেন যারা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত ও নিউ জিল্যান্ডের মধ্যকার শিরোপা নির্ধারণী এই লড়াই পরিচালনা করবেন ইংল্যান্ডের দুই অভিজ্ঞ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স ওয়ার্ফ।

রোববার (০৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ফাইনাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠের মাঝখানে দায়িত্ব পালন করবেন ইলিংওয়ার্থ ও ওয়ার্ফ।

ইলিংওয়ার্থের জন্য এটি টানা দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিং করার সুযোগ। ২০২৪ সালের ফাইনালেও তিনি দায়িত্ব পালন করেছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ক্রিকেটের বড় বড় ম্যাচে নিয়মিত দায়িত্ব পাচ্ছেন তিনি। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ ফাইনাল এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও আম্পায়ার ছিলেন এই ইংলিশ কর্মকর্তা।

অন্যদিকে অ্যালেক্স ওয়ার্ফের জন্য এটি প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ। এর আগে তিনি ২০২২ সালের নারী বিশ্বকাপ ও ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছিলেন। গত বছর তাকে আম্পায়ারদের এলিট প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়।

ফাইনালে মাঠের দুই আম্পায়ারকে সহায়তা করবেন দক্ষিণ আফ্রিকার আলাউদ্দিন পালেকার তৃতীয় আম্পায়ার হিসেবে এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।

উল্লেখযোগ্য বিষয় হলো, ইলিংওয়ার্থ ও ওয়ার্ফ দুজনই নিউ জিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে দায়িত্বে ছিলেন, যেখানে তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওঠে।

অন্য সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। ফলে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল ভারত ও নিউ জিল্যান্ড।

টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মতো ফাইনালে দেখা হবে এই দুই দলের। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিভিন্ন প্রতিযোগিতার ফাইনালেও একাধিকবার একে অপরের প্রতিপক্ষ হয়েছে ভারত ও নিউ জিল্যান্ড। ফলে এবারও জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

ফাইনাল ম্যাচ দায়িত্বপ্রাপ্তরা অন-ফিল্ড আম্পায়ারস: রিচার্ড ইলিংওয়ার্থ এবং অ্যালেক্স ওয়ার্ফ, তৃতীয় আম্পায়ার: আল্লাহুদ্দিন পালেকার, চতুর্থ আম্পায়ার: অ্যাড্রিয়ান হোল্ডস্টক, ম্যাচ রেফারি: অ্যান্ডি পাইক্রফট।