খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার (০৮ মার্চ) অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর ফাইনালে নিউ জিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার কীর্তি গড়েছে তারা। একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে ৩ বার শিরোপা জেতা প্রথম দলও এখন ভারত।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল নিউ জিল্যান্ড। শুরুতে দ্রুত উইকেট পাওয়ার আশা করলেও তা আর হয়নি। বরং বড় মঞ্চে দুর্দান্ত ব্যাটিং করে দলকে শক্ত ভিত এনে দেন অভিষেক শর্মা। তার সঙ্গে চাপের মুহূর্তে অসাধারণ ইনিংস খেলেন সঞ্জু স্যামসন।

ভারতের দুই ওপেনারের জুটিতে মাত্র ৭ ওভারে আসে ৯৮ রান। অভিষেক ২১ বলে ৫২ রান করে আউট হলেও এরপর আরও বিধ্বংসী হয়ে ওঠেন স্যামসন ও ঈশান কিশান।

এই জুটি মাত্র ৪৮ বলে যোগ করে ১০৫ রান। স্যামসন ৪৬ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। অন্যদিকে কিশান করেন ২৫ বলে ৫৪ রান। শেষ দিকে শিভম দুবে মাত্র ৮ বলে অপরাজিত ২৬ রান করে দলের সংগ্রহ আরও বড় করেন।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নিউ জিল্যান্ডের হয়ে টিম সেইফার্ট কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। তিনি ২৬ বলে ৫২ রান করেন। তবে শীর্ষ ব্যাটারদের বেশিরভাগই ব্যর্থ হন। অধিনায়ক মিচেল স্যান্টনার ৩৫ বলে ৪৩ রান করলেও ভারতের পাহাড়সম রান তাড়া করা তাদের জন্য কঠিন হয়ে যায়।

বল হাতে আবারও উজ্জ্বল ছিলেন জাসপ্রিত বুমরাহ। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই তার সেরা বোলিং পারফরম্যান্স। শেষ পর্যন্ত নিউ জিল্যান্ড ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় এবং ভারত নিশ্চিত করে বিশ্বকাপ শিরোপা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর প্রাইজমানি: ১. চ্যাম্পিয়ন ভারত: ৩৬ কোটি টাকা ২. রানার্সআপ নিউ জিল্যান্ড: ১৯ কোটি টাকা।

ফাইনালের সেরা খেলোয়াড় বা ম্যাচসেরা: বিজয়ী: জাসপ্রিত বুমরাহ (ভারত) পারফরম্যান্স: ৪ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট।

টুর্নামেন্টসেরা খেলোয়াড় বা সিরিজসেরা: বিজয়ী: সঞ্জু স্যামসন (ভারত) পরিসংখ্যান: ম্যাচ ৫, রান ৩২১, গড় ৮০.২৫, স্ট্রাইক রেট ১৯৯.৩৮।

টুর্নামেন্টে সর্বাধিক রান: খেলোয়াড়: সাহিবজাদা ফারহান (পাকিস্তান) রান ৩৮৩, ইনিংস ৬, গড় ৭৬.৬০, স্ট্রাইক রেট ১৬০.২৬।

সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: খেলোয়াড় - যুবরাজ সামরা (কানাডা) স্কোর- ১১০ (৬৫ বল), চার ১১, ছয় ৬, প্রতিপক্ষ- নিউ জিল্যান্ড।

সর্বাধিক উইকেট: খেলোয়াড়: বরুণ চক্রবর্তী (ভারত) উইকেট ১৪, ইনিংস ৯, গড় ২০.৫০।

সেরা বোলিং পারফরম্যান্স খেলোয়াড়: রোমারিও শেফার্ড ফিগার ৫/২০, ওভার ৩, প্রতিপক্ষ- স্কটল্যান্ড, ভেন্যু- কলকাতা।

সর্বাধিক ক্যাচ: খেলোয়াড়: গ্লেন ফিলিপস (নিউ জিল্যান্ড) ক্যাচ ১১, ইনিংস ৭।

উইকেটকিপারের সর্বাধিক ডিসমিসাল খেলোয়াড়: উসমান খান (পাকিস্তান) মোট ডিসমিসাল- ১০ (ক্যাচ- ৮, স্টাম্পিং- ২)।