খেলাধুলা

ব্যক্তিগত মাইলফলক নয়, ট্রফিই আসল লক্ষ্য: গম্ভীর

টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ধরে রাখার পর ভারতীয় দলের সাফল্যের পেছনে একটি গুরুত্বপূর্ণ দর্শনের কথা তুলে ধরলেন প্রধান কোচ গৌতম গম্ভীর। তার মতে, ব্যক্তিগত রেকর্ড বা মাইলফলক উদ্‌যাপন নয়, বরং দলের লক্ষ্য হওয়া উচিত ট্রফি জেতা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবারের ফাইনালে নিউ জিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। এই জয়ের মধ্য দিয়ে ৩ বার শিরোপা জিতে প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে সফল দলও হয়ে ওঠে তারা।

২০২৪ সালে বিশ্বকাপ জয়ের পরই প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান গম্ভীর। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি স্পষ্ট করে দেন, ব্যক্তিগত মাইলফলক কখনোই দলের নির্বাচনের মানদণ্ড হবে না।

তার মতে, এই দর্শনের কারণেই অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে দল একটি শক্তিশালী ও আক্রমণাত্মক খেলাধারায় নিজেদের পুরোপুরি মানিয়ে নিতে পেরেছে।

সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন, “সূর্যের সঙ্গে আমার সহজ দর্শন হলো- মাইলফলক কোনো বিষয় নয়। আসল বিষয় ট্রফি।”

তিনি আরও বলেন, “ভারতীয় ক্রিকেটে অনেক দিন ধরে আমরা ব্যক্তিগত মাইলফলক নিয়ে বেশি কথা বলেছি। আমি যতদিন থাকব, আশা করি আমরা আর এসব নিয়ে আলোচনা করব না।”

এই মানসিকতার উদাহরণ হিসেবে তিনি ওপেনার সঞ্জু স্যামসনের পারফরম্যান্সের কথা উল্লেখ করেন।

গত বছর ফর্মহীনতায় ভোগা স্যামসন বিশ্বকাপের শুরুতেও রান পাচ্ছিলেন না। কিন্তু ফাইনালে তিনি টানা তৃতীয়বারের মতো ৮০ এর বেশি রান করেন এবং নকআউট ম্যাচগুলোতে বারবার দলকে ভরসা দেন।

গম্ভীর বলেন, “সঞ্জু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৯৭ করেছিল। ভাবুন তো, যদি সে ব্যক্তিগত মাইলফলকের জন্য খেলত, তাহলে হয়তো আমরা ২৫০ রানই করতে পারতাম না।”

তার মতে, দলীয় খেলায় ব্যক্তিগত অর্জনের চেয়ে ট্রফি জেতাই সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত।

তিনি বলেন, “মাইলফলক উদ্‌যাপন বন্ধ করুন। ট্রফি উদ্‌যাপন করুন। কারণ দলীয় খেলায় সবচেয়ে বড় উদ্দেশ্য হলো শিরোপা জেতা, ব্যক্তিগত রেকর্ড গড়া নয়।”

অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বের প্রশংসাও করেন গম্ভীর।

তার ভাষায়, “এই ফরম্যাটে সূর্য আমার কাজ অনেক সহজ করে দিয়েছে। সে অসাধারণ নেতা। সে নিজেকে অধিনায়ক নয়, নেতা হিসেবে পরিচিত হতে চায়।”

গম্ভীর বলেন, “ড্রেসিংরুমে একজন নেতা অধিনায়কের চেয়েও বড় ভূমিকা রাখে।”