টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের দাপুটে জয়ের পর ক্রিকেট বিশ্বে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। তবে সবচেয়ে বিতর্কিত মন্তব্যটি করেছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। তার দাবি, ভারতের এই আধিপত্য নাকি “ক্রিকেটকেই নষ্ট করে দিয়েছে”।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউ জিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতে ভারত। বেশিরভাগ ক্রিকেট বিশ্লেষক ভারতের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করলেও আখতার তীব্র সমালোচনা করেন।
একটি ক্রীড়া অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আখতার ভারতের আধিপত্যকে পাড়ার খেলায় ধনী এক শিশুর আধিপত্যের সঙ্গে তুলনা করেন।
তার ভাষায়, “ধরুন কোনো পাড়ায় একজন ধনী ছেলে আছে। সে গরিব ছেলেদের ডেকে বলে- চলো ক্রিকেট খেলি। তারপর সে নিয়ম নিজের মতো করে বানায় এবং শেষে বলে; দেখো, আমি জিতেছি। ভারত আমাদের সঙ্গে ঠিক এমনটাই করছে।”
তিনি আরও বলেন, “৮ দলের মধ্যে ৪ দল রাখে, তারপর সেই ৪ দলের মধ্য থেকে আবার ৩ দল নিয়ে এগিয়ে যায়। শেষে বলে- দেখো, আমরা জিতেছি। তারা পুরো ক্রিকেটটাই নষ্ট করে ফেলেছে।”
আখতারের এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ক্রিকেটভক্তদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়। অনেকেই ভারতের একপেশে জয়ের পর এই মন্তব্যকে হতাশা বা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।
মজার বিষয় হলো, ফাইনালের আগে আখতারের বক্তব্য কিছুটা ভিন্ন ছিল। তখন তিনি ভারতকে ফেভারিট বললেও ক্রিকেটের স্বার্থে নিউ জিল্যান্ডের শিরোপা জেতার কথা বলেছিলেন।
তিনি তখন বলেছিলেন, “আমার মনে হয় ভারতের সামনে নিউ জিল্যান্ড কিছুটা চাপে পড়তে পারে। তবে ভারতের ওপর ১৫০ কোটির মানুষের চাপও আছে। আহমেদাবাদে তারা আগে অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনালে হেরেছিল।”
তার ভাষায়, “আমি মনে করি শেষ পর্যন্ত ভারতই জিতবে। তবে ক্রিকেটের স্বার্থে নিউ জিল্যান্ডের এই বিশ্বকাপ জেতা দরকার।”
তবে সমালোচনা করলেও ভারতের সাফল্যের একটি কারণ স্বীকার করেছেন আখতার। তিনি ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করে বলেন, কঠিন সময়েও খেলোয়াড়দের ওপর আস্থা রাখা বড় টুর্নামেন্টে পার্থক্য গড়ে দিতে পারে।