২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিল দলে ফেরার সম্ভাবনা আবারও জেগেছে নেইমারের সামনে। আসন্ন প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে প্রাথমিক দলে সান্তোস তারকাকে অন্তর্ভুক্ত করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে চূড়ান্ত দলে জায়গা পেতে এখনো বড় পরীক্ষার মুখে পড়তে হচ্ছে অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে।
ব্রাজিল দল মার্চের শেষ দিকে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ খেলবে। বিশ্বকাপের আগে এটিই শেষ আন্তর্জাতিক বিরতি। তাই এই ম্যাচগুলোকে সামনে রেখে খেলোয়াড়দের পারফরম্যান্স খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন আনচেলত্তি।
ব্রাজিলের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রাথমিক তালিকায় জায়গা পেলেও নেইমারের ওপর এখনো বড় চাপ রয়েছে। ফিটনেস প্রমাণের সুযোগ তার হাতে খুব বেশি নেই।
লোড ম্যানেজমেন্টের কারণে সান্তোসের হয়ে আসন্ন লিগ ম্যাচে মিরাসোলের বিপক্ষে খেলবেন না তিনি। তবে সেই ম্যাচে উপস্থিত থাকবেন আনচেলত্তি ও ব্রাজিল ফুটবল ফেডারেশনের পরিচালক রদ্রিগো কায়েতানো। ফলে নেইমারের সামনে শেষ সুযোগ থাকবে করিন্থিয়ানসের বিপক্ষে একটি ম্যাচে নিজের ফিটনেস ও পারফরম্যান্স প্রমাণ করার।
ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড আন্তর্জাতিক ফুটবলে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন।
প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন তরুণ তারকা এন্ড্রিকও। জানুয়ারিতে ফরাসি ক্লাব অলিম্পিক লিওনে যোগ দেওয়ার পর থেকেই তাকে নজরে রেখেছেন জাতীয় দলের কোচিং স্টাফ।
ফরাসি ফুটবলে দ্রুতই নিজেকে মানিয়ে নিয়েছেন এই কিশোর ফরোয়ার্ড। লিওনের হয়ে মাত্র ১০ ম্যাচে তিনি ইতিমধ্যে ৫ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩ গোল। তার দুর্দান্ত ফর্মের কারণে চূড়ান্ত দলে জায়গা পাওয়ার সম্ভাবনাও বেশ উজ্জ্বল।
প্রাথমিক তালিকায় ৫০ জনেরও বেশি খেলোয়াড়ের নাম রয়েছে। সেখানে জায়গা পেয়েছেন জুভেন্টাসের ডিফেন্ডার ব্রেমারও।
২০২৪ সালে কোপা আমেরিকার পর আর জাতীয় দলে খেলেননি তিনি। সে সময় বাম হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। পরে মেনিস্কাস অস্ত্রোপচারও করতে হয়।
দীর্ঘ পুনর্বাসনের পর এখন আবার জুভেন্টাসের হয়ে নিয়মিত খেলছেন ব্রেমার এবং দলের ড্রেসিংরুমে নেতৃত্বও দিচ্ছেন। তার দৃঢ় প্রত্যাবর্তন নজরে পড়েছে আনচেলত্তির।
বিশ্বকাপের আগে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচটি ব্রাজিলের জন্য বড় পরীক্ষা হিসেবেই দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে সোমবার। তখনই জানা যাবে নেইমার শেষ পর্যন্ত ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পারবেন কি না।
চোট কাটিয়ে ফেরার পর নিজের পারফরম্যান্স দিয়ে আবারও জাতীয় দলে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে এখন সময়ের সঙ্গে দৌড়াচ্ছেন ব্রাজিলের এই তারকা নাম্বার ১০।