খেলাধুলা

বাংলাদেশে বাবর কেন আসেননি, আনুষ্ঠানিকভাবে জানাল পাকিস্তান

আগের সিরিজেই সেঞ্চুরি। পরের সিরিজেই বাদ?

বাবর আজমকে বাংলাদেশের বিপক্ষে তিন ম‌্যাচ ওয়ানডে সিরিজে বাদ দিয়ে রীতিমত চমকে দিয়েছিল পাকিস্তানের নির্বাচক প‌্যানেল। তখন পাকিস্তানের গণমাধ‌্যমে বলা হচ্ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম‌্যান্সের কারণেই বাবরকে বাদ দেয়া হয়েছিল। কিন্তু ওয়ানডের পারফরম্যান্স কেন বিবেচনায় আনা হয়নি সেই প্রশ্নও তোলা হচ্ছিল! 

এরই মধ‌্যে দুই দল দুইটি ওয়ানডে খেলেছে। আগামীকাল সিরিজ নির্ধারণী ফাইনাল ম‌্যাচ। শিরোপা নির্ধারণের আগের দিন বাবর আজমের না থাকার আসল কারণ অবশেষে জানা গেল। 

পাকিস্তানের নির্বাচক আকিব জাভেদ শনিবার জানিয়েছেন, চোটের কারণে দলে রাখা হয়নি অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে। আকিবের দাবি, বিশ্বকাপ থেকেই এই চোট বয়ে বেড়াচ্ছেন বাবর।

বিশ্বকাপে ৬ ম্যাচে মাত্র ৯১ রান করেছেন বাবর, তাও ১১২.৩৪ স্ট্রাইক রেটে। বিশ্বকাপের আগে ওয়ানডেতে সবশেষ সিরিজে সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। অথচ বাংলাদেশের বিপক্ষে পরের সিরিজেই বাদ! বিষয়টি নিয়ে কেউ মুখ খুলেননি। যদিও বাংলাদেশে এসে পাকিস্তানের কোচ মাইক হেসন ও অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি দাবি করেছেন, কাউকেই দল থেকেই বাদ দেয়া হয়নি। 

লাহোরে শনিবার আকিব জাভেদ বলেছেন, “কিছু খেলোয়াড়কে (বাংলাদেশের বিপক্ষে) এই সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হয়নি। বাবর আজমের চোট নিয়ে বললে, যখন সে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ফিরে আসে, তখন আমাদের চিকিৎসকরা তারও পরীক্ষা করেছিল। তার যে চোট আছে, সেটার কারণে এই সিরিজ বা ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সে খেলতে পারছে না… সে খেলতে চেয়েছিল, কিন্তু সে চোটাক্রান্ত।’’

বাবরের এই চোট নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তদন্তের অনুরোধ করেছে নির্বাচক প‌্যানেল। পুরোপুরি ফিট না হয়ে বাবর কীভাবে বিশ্বকাপ খেলেছেন সেই প্রশ্নও তুলেছেন তিনি, 

“যেকোনো সময় চোট পেতে পারে। আমি জানি না কীভাবে পেয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি হলো বাবর আজম খেলার জন্য ফিট নয়। ফাখার জামান খেলার জন্য ফিট নয়। আরেকজন... সালমান মির্জা, সেও খেলার জন্য ফিট নয়। আমরা যদি (বিশ্বকাপের) সেমি-ফাইনালে উঠতাম, তাহলে কি তারা ‘খেলার জন্য ফিট থাকত?’ এটাই প্রশ্ন।”