বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য নতুন একটি প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘বিসিবি ওমেন্স কাপ’ নামের এই টুর্নামেন্টটি আগামী ৫ মে থেকে ১৪ মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে।
সবশেষ ঢাকা ওমেন্স প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ নেওয়া ক্রিকেটাররাই এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবেন।
এই টুর্নামেন্টের পরপরই নারী বিপিএলের প্রথম আসর আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি। তিন দল নিয়ে আগামী ১০ থেকে ২১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি বগুড়াতেও ম্যাচ আয়োজনের কথা রয়েছে।
বিসিবি ওমেন্স কাপে অংশ নেবে মোট ৮টি দল। সব মিলিয়ে ১১২ জন নারী ক্রিকেটার এই টুর্নামেন্টে প্রতিযোগিতামূলক ও কাঠামোগত পরিবেশে খেলার সুযোগ পাবেন। প্রতিটি ম্যাচের জন্য ক্রিকেটারদের দেওয়া হবে ২৫ হাজার টাকা। পুরো টুর্নামেন্টজুড়েই এই পারিশ্রমিক পাবেন তারা।
এ ছাড়া ক্রিকেটার ও কোচিং স্টাফদের আবাসনের ব্যবস্থাও করবে বিসিবি। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য থাকবে আর্থিক পুরস্কার। পাশাপাশি প্লেয়ার অব দ্য ম্যাচ, প্লেয়ার অব দ্য টুর্নামেন্টসহ আরও কয়েকটি ব্যক্তিগত পুরস্কারও দেওয়া হবে।