পাকিস্তান ক্রিকেটের জন্য বড় দুঃসংবাদ। অলরাউন্ডার হুসাইন তালাত কাঁধের ইনজুরির কারণে বাংলাদেশ সিরিজ এবং আসন্ন পিএসএল (পিএসএল) থেকে ছিটকে গেছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শনিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, হুসাইন তালাতের ইনজুরিটি বেশ গুরুতর।
গত শুক্রবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ-কাঁধে গুরুতর চোট পেয়েছিলেন পাকিস্তানের এই অলরাউন্ডার। চিকিৎসকেরা জানিয়েছেন, এই চোট থেকে সেরে উঠতে তার প্রায় ১২ থেকে ১৪ সপ্তাহ সময় লাগতে পারে।
তালাতের বাঁ-কাঁধের সংযোগস্থান নড়ে যায়। ঘটনাটি ঘটার পরপরই মাঠে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তালাতের কাঁধে একটি সফল চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়। এতে স্থানচ্যুত কাঁধের জোড়াটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
এখন হোটেলেই অবস্থান করছেন তিনি। আগামীকাল দলের সঙ্গে দেশে ফিরবেন। পিসিবি জানিয়েছে, তালাতকে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) রিপোর্ট করতে বলা হয়েছে। সেখানে বোর্ডের অভিজ্ঞ মেডিকেল টিমের তত্ত্বাবধানে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।