খেলাধুলা

দ. আফ্রিকা সিরিজে কিউই শিবিরে বড় ধাক্কা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন নিউ জিল্যান্ডের অভিজ্ঞ লেগস্পিনার ইশ সোধি। অনুশীলনের সময় পাওয়া বৃদ্ধাঙ্গুলির চোট তাকে মাঠের বাইরে ছিটকে দিয়েছে। কিউই শিবিরের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় দুঃসংবাদ।

মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম ম্যাচের আগে নেটে বোলিং করার সময় সোধির আঙুলে বলের আঘাত লাগে। এরপর স্ক্যান রিপোর্টে ধরা পড়ে তার বৃদ্ধাঙ্গুলি ভেঙে গেছে। এই চোট কাটিয়ে পূর্ণ ফিটনেস ফিরে পেতে তাকে অন্তত ৪ সপ্তাহের পুনর্বাসনে থাকতে হবে। অর্থাৎ, প্রটিয়াদের বিপক্ষে চলমান সিরিজে তাকে আর মাঠে দেখা যাচ্ছে না।

স্কোয়াডে লকি ফার্গুসন যোগ দেওয়ায় সোধির বিকল্প হিসেবে নতুন কাউকে ডাকছে না নিউ জিল্যান্ডের নির্বাচকরা। হ্যামিল্টন ও অকল্যান্ডে হতে যাওয়া পরবর্তী ম্যাচগুলোতে স্পিন বিভাগ সামলানোর দায়িত্ব থাকছে মিচেল স্যান্টনার ও কোল ম্যাককঞ্চির কাঁধে। তাদের ওপরই পূর্ণ আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।

দলের অভিজ্ঞ এই স্পিনারকে হারানো প্রসঙ্গে প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘‘ইশ নিউ জিল্যান্ডের হয়ে খেলার ব্যাপারে সবসময়ই খুব নিবেদিত। বিশ্বকাপের পর ঘরের মাঠে দর্শকদের সামনে খেলার জন্য ও মুখিয়ে ছিল। সংক্ষিপ্ত ফরম্যাটে ও দারুণ অভিজ্ঞ একজন খেলোয়াড়, তাই সিরিজের বাকি অংশে আমরা নিশ্চিতভাবেই তাকে মিস করব।’’

তবে কোচ আশাবাদী যে ফার্গুসন দলে আসায় এবং স্যান্টনার ও ম্যাককঞ্চি ছন্দে থাকায় দলের ভারসাম্য বজায় থাকবে।

সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য স্কোয়াডে যোগ দেবেন কাটেনে ক্লার্ক, ডেন ক্লিভার, জাইডেন লেনক্স এবং অভিজ্ঞ টম ল্যাথাম। শেষ দুই ম্যাচে স্যান্টনারের কাছ থেকে অধিনায়কের দায়িত্ব বুঝে নেবেন ল্যাথাম।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক। মাত্র ৯১ রানে অলআউট হয়ে তারা দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে পিছিয়ে আছে। সোধির অনুপস্থিতিতে ঘুরে দাঁড়ানোটা এখন কিউইদের জন্য বড় চ্যালেঞ্জ।