খেলাধুলা

১৩ এপ্রিল আসছে নিউ জিল‌্যান্ড, খেলবে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিউ জিল‌্যান্ড সিরিজের সূচি প্রকাশ করেছে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউ জিল‌্যান্ড ক্রিকেট দল।

দুইটি ওয়ানডে হবে ঢাকায়, একটি হবে চট্টগ্রামে। চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সেখানে হবে দুটি ম‌্যাচ। ঢাকায় হবে শেষ টি-টোয়েন্টি।

ঢাকায় প্রথম দুইটি ওয়ানডে হবে ১৭ ও ২০ এপ্রিল। দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম‌্যাচগুলো শুরু হবে। ২১ এপ্রিল দুই দল চট্টগ্রামে উড়াল দেবে। একদিনের প্রস্তুতি শেষে ২৩ এপ্রিল হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ম‌্যাচটি হবে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

২৭ এপ্রিল শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৯ এপ্রিল দ্বিতীয় ম‌্যাচ একই ভেনু‌্যতে। দ্বিপক্ষীয় সাদা বলের সিরিজের শেষ ম‌্যাচটি হবে ঢাকায়।২ মে দুপুর ২টায় শুরু হবে শেষ টি-টোয়েন্টি ম‌্যাচ।

২০২৩ সালে নিউ জিল্যান্ড সবশেষ বাংলাদেশ সফর করেছিল। সেবার দুই টেস্টের সঙ্গে তিনটি ওয়ানডে খেলেছিল। এর আগে ২০২১ সালে তারা এসেছিল পাঁচ টি-টোয়েন্টি খেলতে। সর্বপ্রথম তারা বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছিল ২০০৪ সালে। সব মিলিয়ে নিউ জিল‌্যান্ড ক্রিকেট দলের এটি সপ্তম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফর হবে।