খেলাধুলা

পিএসএলে ডাক পেলেন তানজিদও

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ ব‌্যাটিং করে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তানজিদ হাসান তামিম। এর আগে একটি ফিফটিও ছিল তার ব‌্যাটে। তিন ম‌্যাচের ওয়ানডেতে ১৭৫ রান করে সবার নজর কেড়েছিলেন বাঁহাতি ব‌্যাটসম‌্যান।

ইনফর্ম এই ব‌্যাটসম‌্যানকে এখন দেখা যাবে পাকিস্তান সুপার লিগেও। পিএসএলের দল পেশোয়ার জালমি তানজিদকে সরাসরি চুক্তিতে দলভুক্ত করেছে। রাইজিংবিডির প্রতিবেদককে তানজিদ এ খবর নিশ্চিত করেছেন।

গত দুদিনের আলোচনার পর পেশোয়ার ফ্রাঞ্চাইজি আজই তানজিদকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে পেশোয়ার জালমি বাংলাদেশের দুই পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলামকেও নিয়েছে। জাতীয় দলের এই তিন ক্রিকেটারই পিএসএলে খেলতে আংশিক অনাপত্তিপত্র পাবেন।

আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত পাকিস্তান সুপার লিগের ১১তম আসর অনুষ্ঠিত হবে। পিএসএলে এবারের আসরে বাংলাদেশের ক্রিকেটারদের বহরটা ভালোই বড়। মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনকে দলে নেয় লাহোর কালান্দার্স। রিশাদ হোসেনকে পায় রাওয়ালপিন্ডি পিন্ডিজ। পেশোয়ার জালমিতে আছেন নাহিদ, শরিফুল ও তানজিদ।

তবে পুরোটা সময় থাকবেন না তারা। ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বাংলাদেশে সফর করবে নিউ জিল্যান্ড ক্রিকেট দল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে তারা বাংলাদেশে আসবেন। সিরিজ বুঝে ক্রিকেটারদের পিএসএলে খেলার অনাপত্তিপত্র দেবে বিসিবি।