খেলাধুলা

রোনালদোকে ছাড়াই পর্তুগালের দল

মার্চের শেষ সপ্তাহে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। এজন্য শুক্রবার দল ঘোষণা করেছেন দলটির প্রধান কোচ রবের্তো মার্তিনেস। যেখানে রাখা হয়নি পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে। ডান হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ম্যাচ দুটির একটিও খেলতে পারবেন না রোনালদো। ফেব্রুয়ারির শেষ থেকে রোনালদো মাঠের বাইরে। ৪১ বছর বয়সী অধিনায়ক আল নাসরের হয়ে খেলার সময় পেশিতে চোট পান। গত দুই সপ্তাহ ধরে চিকিৎসার জন্য মাদ্রিদে আছেন। কিন্তু তাতে জাতীয় দলের হয়ে মাঠে নামার মতো অবস্থায় এখনও আসেননি তিনি।

কোচ রবার্তো মার্টিনেজ দ্রুত ভক্তদের আশ্বস্ত করেছেন, রোনালদোর অবস্থা গুরুতর নয় এবং এটি তার ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের সামর্থ্যকে প্রভাবিত করবে না। তার ভাষ্য, ‘‘এটা সামান্য মাংসপেশীর চোট। আমরা বিশ্বাস করি, সে এক থেকে দুই সপ্তাহের মধ্যে ফিরতে পারবে।’’ বলেছেন কোচ মার্টিনেজ। বিশ্বকাপে রোনালদোর অংশগ্রহণে 'ঝুঁকি নেই'—এখন অন্তত এমনটাই বক্তব্য পর্তুগাল কোচের।

এই মৌসুমে সৌদি প্রো লিগে ২১ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রোনালদো। কিন্তু সময়টা যখন তার খুব ভালো যাচ্ছে তখনই চোট তাকে আটকে রাখছে।

২৮ মার্চ মেক্সিকো সিটিতে মেক্সিকো ও ৩১ মার্চ আটলান্টায় আমেরিকার বিরুদ্ধে লড়াই। ২০১৪ সালের পর আমেরিকার মাটিতে ফুটবল খেলেননি রোনালদো। এবার বিশ্বকাপের আগে দারুণ সুযোগ ছিল। কিন্তু চোটের কারণে তা আটকে গেল। ১১ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ। পর্তুগাল গ্রুপ কে-তে—কলম্বিয়া ও উজবেকিস্তানের সঙ্গে। চতুর্থ দল প্লে-অফ থেকে আসবে।

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলার অপেক্ষায় রোনালদো। তার শ্রেষ্ঠত্বের প্রশ্নে কেবলই বাঁধা হয়ে আছে একটি বিশ্বকাপের শিরোপা। সিআরসেভেনের এবারের চ্যালেঞ্জটা শুধু বিশ্বকাপের সোনালী ট্রফির জন্য।