ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি প্রতিযোগিতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে বাকি এক সপ্তাহ। কিন্তু ইনজুরি, চোট ও ব্যক্তিগত কারণে মৌসুম শুরুর আগে ধাক্কা হজম করছে ফ্রাঞ্চাইজিরা। বেশ কয়েকটি দল তাদের তারকা খেলোয়াড়দের ইনজুরির কারণে সমস্যায় পড়েছে। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের অনুপস্থিতিই বেশি ভোগাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
সানরাইজার্স হায়দরাবাদ তাদের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে পাচ্ছে না। তার পরিবর্তে দলটির নেতৃত্ব দেওয়া হয়েছে ইশান কিশানকে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার জস হ্যাজেলউডও ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরুতে খেলতে পারবেন না। এবার সেই তালিকায় যোগ হয়েছে দিল্লি ক্যাপিটালসের তারকা পেসার মিচেল স্টার্কের নামও। যিনি আইপিএলের শুরুতে অনুপস্থিত থাকবেন।
এ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তার প্রশ্ন—ক্রিকেট অস্ট্রেলিয়া আসলে কী করছে?
চোপড়া বলেছেন, ‘‘স্টার্ক পুরোপুরি ফিট থাকা সত্ত্বেও তাকে বিশ্রামে রাখা হয়েছে। তিনি ইতোমধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, এবং অ্যাশেজের পর গত দুই মাসে কোনো ক্রিকেটও খেলেননি। এরপরও আসন্ন বড় টেস্ট সিরিজ, বিশেষ করে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ভেবে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে। চোপড়ার মতে, এই সিদ্ধান্তের সময়টা একেবারেই অযৌক্তিক।’’
তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকেও সতর্ক করে বলেন, ‘‘বিদেশি খেলোয়াড়দের এভাবে ব্যবস্থাপনা করার বিষয়টি তাদের গুরুত্ব দিয়ে দেখা উচিত।’’
এছাড়া নিউ জিল্যান্ডের পেসার লোকি ফার্গুসনের ব্যক্তিগত ইসু্যটিও তুলে ধরেন চোপড়া। জানা গেছে, তিনি টুর্নামেন্টের প্রথম সাতটি ম্যাচ খেলবেন না, কারণ তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান।
চোপড়া বলেছেন, ‘‘আমি লোকি ফার্গুসনের কথা ভাবছি। আর এটা একটা গুরুতর বিষয়। তার চোট আছে কি না আমি জানি না, তবে আমি যা পড়েছি তাতে দেখা যাচ্ছে, সে সাতটি ম্যাচের জন্য থাকবে না। সে বলছে, সে পরিবারের সঙ্গে কিছু সময় কাটাতে চায়।’’
“সে বেস প্রাইসে বিক্রি হয়েছিল। তাকে ২ কোটি রুপিতে কেনা হয়েছে। সে নিউ জিল্যান্ডের হয়ে খেলছে। এরপর সে বাড়ি যাবে এবং পরিবারের সঙ্গে সময় কাটাবে। এটা খারাপ কিছু নয়। কিন্তু যদি আপনি আইপিএলে প্রতিশ্রুতি দেওয়ার পর শুধু এই কারণে সাতটি ম্যাচ ছেড়ে দেন, তাহলে দলগুলোকে বুঝতে হবে যে এটা ঠিক নয়। কারণ আপনি সাতটি ম্যাচ পরে এসে ১ কোটি রুপি নিয়ে চলে যাবেন... এর মানে কী? ততদিনে দলের মিশন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে,” মন্তব্য করেন চোপড়া।
এদিকে কলকাতা নাইট রাইডার্সের পেসার আকাশ দ্বীপ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ইনজুরির কারণে।