খেলাধুলা

কনরের ঝড়ে সমতা ফিরিয়ে সিরিজ জমিয়ে দিল দক্ষিণ আফ্রিকা

আজ জিতলেই নিউ জিল্যান্ডের সিরিজ জয় নিশ্চিত হয়ে যেত। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার সেরা ক্রিকেট খেলতেই হতো। ওয়েলিংটনে সেই কাজটাই করলো প্রোটিয়ারা। 

সিরিজের সর্বোচ্চ দলীয় রান সংগ্রহের পর স্বাগতিক ব্যাটসম্যানদের আটকে রেখে দারুণ জয় তুলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা কনর এস্টারহুইজেনের ঝড়ে ৫ উইকেটে ১৬৪ রান করে। জবাব দিতে নেমে নিউ জিল্যান্ডের ইনিংস ১৪৫ রানে থেমে যায়। ১৯ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে এখন ২-২ সমতা। আগামী ২৫ মার্চ হবে সিরিজের ফয়সালা। 

দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক কনর ৩৬ বলে ৫৭ রান করেন ৭ চার ও ৩ ছক্কায়। পরে ফিল্ডিংয়ে নেন ২ ক্যাচ। দলকে জেতাতে অসামান‌্য অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কার নেন কনর। 

দক্ষিণ আফ্রিকার ওপেনার উইয়ান মুল্ডার রানের খাতা খোলার আগেই আউট হন। আরেক ওপেনার টনি ডি জর্জি করেন ২৩ রান। তিনে নেমে কনর ম্যাচের চিত্র পাল্টে দেন। প্রতি আক্রমণে গিয়ে রান তোলেন অনায়েসে। চারে নামা রুবিন হারমান ২৮ রান যোগ করে তাকে সঙ্গ দেন। 

শেষ দিকে ১৯ রানের দুটি ইনিংস আসে দিয়ান ফোরেস্টার ও জেসন স্মিথের ব্যাটে। ১৪ রান করেন জর্ড লিন্ডে। 

নিউ জিল্যান্ডের হয়ে বল হাতে ৪ ওভারে ১ মেডেনে ২৯ রানে ২ উইকেট নেন কাইল জেমিনসন। ১টি করে উইকেট পেয়েছেন ফলকস, বেন সিয়ার্স ও কোলে ম্যাকোনি। 

নিউ জিল্যান্ড টিম রবিনসনের ব্যাটে জবাব দিলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। কেটন ক্লার্ক ৯, ডিন ক্লেভার ২৬, নিক কেলি ১৯, বেভন জ্যাকভস ৩ ও অধিনায়ক জিমি নিশাম ৬ রানে আউট হন। 

ওপেনিংয়ে নামা রবিনসন ২২ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩২ রান করেন। বাকিরা ছিলেন নিষ্প্রভ। তাতে লড়াইয়ের আশা দেখালেও শেষ পর্য নাগাল পাননি নিউ জিল্যান্ড। 

বল হাতে জেরাল্ড কোয়েটজে ৩১ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট পেয়েছেন ওটনেইল বার্টমান,প্রেনলান সুবরায়েন ও কেভশ মহারাজ।