খেলাধুলা

পিএসএল ছেড়ে আইপিএলে গেলেই ব‌্যবস্থা: পাকিস্তান

একই সময়ে হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। প্রতিবেশি দুই দেশের নিজেদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। এর মধ্যে উটকো ঝামেলাও শুরু হয়েছে।

আইপিএলে অংশ নেওয়া একাধিক বিদেশি ক্রিকেটার চোটে পড়েছেন। দলগুলোর রিপ্লেসমেন্ট ক্রিকেটার প্রয়োজন হওয়ায় পিএসএলে অংশ নেওয়া ক্রিকেটারদের প্রস্তাব দিয়েছে। তারাও লুফে নিয়েছে সেসব প্রস্তাব। এখন পর্যন্ত শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক দাসুন শানাকা ও জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি পাকিস্তানের লিগ ছেড়ে ভারতে খেলতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা মোটেও ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।  

পিএসএলের সঙ্গে আইপিএলের সূচি সংঘর্ষের মধ্যে শেষ মুহূর্তে লিগ ছেড়ে আইপিএলে চলে যাওয়া খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পিসিবি। বোর্ডের চেয়ারম্যান মনসিন নাকভি জানিয়েছেন, এমন খেলোয়াড়দের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা লাহোর কালান্দার্সের দল থেকে সরে গিয়ে আইপিএলে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন। তিনি চোট পাওয়া স‌্যাম কারানের বদলি হিসেবে দলে ঢুকেছেন। শানাকার পরিবর্তে লাহোর দলে যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়ার ড‌্যানিয়েল শামস। এর আগে ব্লেসিং মুজারাবানিও আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পিএসএল থেকে নাম প্রত্যাহার করেছিলেন।

নাকভি বলেন, “গত বছরও এমন ঘটনা ঘটেছিল। তখন করবি বোসকে এক বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এবারও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।”

তবে আইপিএলের সঙ্গে সূচি সংঘর্ষকে বড় সমস্যা মনে করছেন না তিনি। তার মতে, কিছু খেলোয়াড় আইপিএলে গেলেও পিএসএলেও মানসম্পন্ন খেলোয়াড় আসছে। এছাড়া বছরের অন্য কোনো সময়সূচি খালি না থাকায় পিএসএল পিছিয়ে দেওয়ার সুযোগও ছিল না।

এদিকে, ব্যক্তিগত কারণ দেখিয়ে আরও কয়েকজন ক্রিকেটার গুদাকেশ মোতি, জ‌্যাক ফ্রেসার মুগার্ক, ওটেনিল বার্টমান স্পেনসের জনসন পিএসএল থেকে সরে দাঁড়িয়েছেন।

আগামী ২৬ মার্চ শুরু হচ্ছে পিএসএল, যা আইপিএল শুরুর দুই দিন আগে।