ফুটবলের বাইরে এক ভিন্ন জগতের গল্প শোনালেন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। জানালেন, নিজের বানানো লেগো সেটগুলো তিনি ঘরের ভেতরই একটি ‘জাদুঘরে’ সাজিয়ে রাখেন!
৩৮ বছর বয়সী আন্তোনেলা বর্তমানে স্বামী মেসি ও তাদের ৩ সন্তানকে নিয়ে ফ্লোরিডার বিলাসবহুল বাড়িতে বসবাস করছেন। ছোটবেলা থেকেই লেগোর প্রতি তার আলাদা টান, আর সেই শখ এখনো অটুট।
তিনি জানান, একবার কোনো লেগো সেট তৈরি করলে সেটি আর ভাঙতে মন চায় না। বরং সেগুলো যত্ন করে সাজিয়ে রাখেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “হগওয়ার্টস দুর্গটাই আমার সবচেয়ে প্রিয়। এটা বিশাল বড়, আর আমাকে ভীষণ মুগ্ধ করে।”
আন্তোনেলা আরও জানান, তার সন্তানদের সঙ্গে মিলে তারা একটি ছোট ‘জাদুঘর’ তৈরি করেছেন। তার ভাষায়, “আমার সন্তানদের সঙ্গে আমরা একটা জায়গা করেছি, যেখানে আমাদের সব লেগো তৈরি করা জিনিসগুলো সাজিয়ে রাখি।”
মেসি-আন্তোনেলা দম্পতির ৩ সন্তান- থিয়াগো (১৩), মাতেও (১১) ও চিরো (৮)। বড় ছেলে ইতিমধ্যেই ইন্টার মায়ামির যুব দলে খেলছে। আন্তোনেলা বলেন, “মা হওয়ার পর আমার জীবন পুরো বদলে গেছে। সেই মুহূর্ত থেকেই আমার সন্তানরাই আমার সবচেয়ে বড় অগ্রাধিকার।”
সন্তানরা বড় হয়ে ওঠায় এখন নিজের জীবনকেও নতুনভাবে দেখছেন তিনি। তিনি বলেন, “এখন আমি জীবনের এই পর্যায়টা উপভোগ করছি। নিজের জন্য সময় দিচ্ছি, নিজেকে গুরুত্ব দিচ্ছি। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা।”
এদিকে মাঠে দারুণ ছন্দে রয়েছেন মেসি। চলতি মৌসুমে প্রথম ৪ ম্যাচেই করেছেন ৪ গোল।