খেলাধুলা

আমিনুল ফিরলেন, ক্রিকেট ফিরবে কবে?

অনেক জল্পনা কল্পনা থাকলেও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গতকাল রাতে জাপান থেকে বাংলাদেশে ফিরেছেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান তিনি। গত ২৭ ও ২৮ মার্চ জাপানে মিটিং শেষে দেশে ফেরার বিমান ধরেন তিনি। এর আগে পরিবারের সাথে মাসখানেক সময় কাটিয়েছেন মেলবোর্নে। 

গতকালকে রাতে দেশে ফিরে আজ মিরপুরে অফিস করেছেন আমিনুল। তার দেশে ফেরার মধ্য দিয়ে সবচেয়ে বড় যে প্রশ্নটি উঠছে এবার ক্রিকেট কী ফিরবে? 

ক্রিকেটের ভরা মৌসুমে এই সময়ে মাঠে গড়ানোর কথা দেশের ক্রিকেটের একমাত্র লিস্ট ‘এ’ প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ৷ কিন্তু দেশের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে বোর্ডের রেষারেষিতে ঢাকা লিগ এখন আতুড়ঘরে! এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগের লিগ ছিল ছন্নছাড়া। ৫০টিরও বেশি ক্লাব বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় ক্রিকেট পুরোটাই এখন বোর্ড কেন্দ্রিক হয়েছে৷ ফলে মাঠের ক্রিকেটের কোন উত্তাপই এখন টের পাওয়া যাচ্ছে না। 

কার্যত অকার্যকর হয়ে গেছে সিসিডিএম, যারা ঢাকার ক্লাব ক্রিকেটের আয়োজক। কমিটির চেয়ারম্যান আদনান দীপন কোথায় আছেন জানে না তার কমিটির সদস্যরা। সিসিডিএমের এক কর্মকর্তা রাইজিংবিডিকে বলেছেন, ‘‘এখন পুরোদমে ক্রিকেট মৌসুমে ঢাকা লিগ চলার কথা। অথচ আমাদের পুরো বিভাগ অলস সময় কাটাচ্ছি। বোর্ডের সব বিভাগ ক্রিকেট নিয়ে ব্যস্ত। আমরা বসে আছি।’’

ঢাকা লিগ ফেরানোর তেমন উদ্যোগ নিতে পারেনি বিসিবি। বিদ্রোহ করা ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসতে পারেনি। পরিস্থিতি অনুকূলে আনার জন্য বিসিবি ক্লাবগুলোকে নমনীয় হওয়ার কথা বলছে। বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘‘যে কোনো ধরনের বিরোধ বা দ্বন্দ্ব থাকতেই পারে, তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, খেলাকে কখনোই সেই বিরোধের জিম্মি করা উচিত নয়। খেলাটা খেলাই থাকুক, সেটাই হওয়া উচিত মূল লক্ষ্য। অন্য কোনো সমস্যা বা ডিসপিউট থাকলে, সেগুলো আলাদাভাবে বসে সমাধান করা উচিত।’’

ক্লাবগুলোকে ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর কথাও বলেছেন তিনি, ‘‘আমার পরিষ্কার মতামত হলো, খেলার সঙ্গে অন্য কোনো বিষয় জড়িয়ে ফেলা ঠিক নয়। ক্লাবগুলোর প্রতিও আমার অনুরোধ থাকবে, এটা খেলোয়াড়দের পেশা, তাদের আয়ের প্রধান উৎস। শুধু বিপিএল নয়, বিভিন্ন লিগে খেলেই তারা জীবিকা নির্বাহ করে। তাই সামগ্রিক পরিস্থিতি বিবেচনায়, প্রিমিয়ার লিগে খেলা খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া এবং লিগটি স্বাভাবিকভাবে আয়োজন করা খুবই জরুরি।’’

এবারে ঢাকা লিগ ছিল খুবই গুরুত্বপূর্ণ। হোম অ্যান্ড অ্যাওয়ে মিলিয়ে এ বছর ১৯ ওয়ানডে খেলবে বাংলাদেশ। ঢাকা লিগই একমাত্র ৫০ ওভারের ফরমেট যেটা দিয়ে ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেন। অথচ সেই লিগ এখনও মাঠে গড়াতে পারেনি আমিনুলের বোর্ড।

শুধু ক্লাবের নয়, ক্রিকেটারদেরও বোর্ডকে নিয়ে আছে অনাস্থা। তাইতো জাকের আলী অনিক ফেসবুকে নিজের হতাশা প্রকাশ করেন এভাবে, ‘‘আগে আমরা ঢাকা প্রিমিয়ার লিগ খেলতাম।’’