খেলাধুলা

দারুণ লড়াইয়ের পর ১-০ ব্যবধানে হার বাংলাদেশের

দারুণ সূচনা, একের পর এক আক্রমণ; সবকিছুই ছিল বাংলাদেশের পক্ষে। কিন্তু শেষ পর্যন্ত গোলের অভাব আর একটি ভুলের মাশুল গুনে এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে আজ মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে হাভিয়ের কাবরেরার দলকে।

ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল বাংলাদেশ। প্রথমার্ধের শুরুতে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকে কয়েকটি ভালো সুযোগও তৈরি করে তারা। বিশেষ করে ১৪ মিনিটে সাদ উদ্দিনের নিখুঁত ক্রস থেকে সমিত সোমের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যাওয়া ছিল বড় আক্ষেপের মুহূর্ত। সেই সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিতে হয় ৩১ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে হারিস স্টুয়ার্টের গোলে এগিয়ে যায় সিঙ্গাপুর।

এক গোল পিছিয়ে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৪৯ মিনিটেই ফাহামিদুলের বুদ্ধিদীপ্ত খেলায় কর্নার আদায় করে দল। মোরছালিনের নেওয়া কর্নার থেকে হামজাকে লক্ষ্য করে বল ভাসানো হলেও তপুর ফাউলে সম্ভাবনাময় সুযোগটি নষ্ট হয়ে যায়।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে লাল-সবুজরা। ৫৫ মিনিটে তপুর লম্বা থ্রো থেকে আরেকটি আক্রমণ গড়ে ওঠে। কিন্তু সিঙ্গাপুরের রক্ষণভাগ তা সহজেই সামাল দেয়। বাংলাদেশ আক্রমণে ধারাবাহিকতা রাখলেও শেষ মুহূর্তে ছিল না প্রয়োজনীয় নিখুঁততা।

৬১ মিনিটে চোটে পড়ে সিঙ্গাপুরের ইরফান ফান্দি মাঠে বসে পড়লে ম্যাচে কিছুটা ছন্দপতন ঘটে। এই সময়েই প্রথম পরিবর্তন আনেন কাবরেরা। ফাহিমের জায়গায় নামেন শাহরিয়ার ইমন। এরপর ৭২ মিনিটে আরও দুটি পরিবর্তন এনে আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করা হয়।

তবে ম্যাচের সবচেয়ে বড় সুযোগ আসে ৭৯ মিনিটে। মাঝমাঠের কাছ থেকে পাওয়া ফ্রি-কিক থেকে তৈরি আক্রমণে হামজা চৌধুরীর দারুণ ক্রস খুঁজে নেয় মিরাজুল ইসলামকে। কিন্তু তার নেওয়া প্রথম শটটি পোস্টে লেগে ফিরে আসে! সমতায় ফেরার সেরা সুযোগটি হাতছাড়া হওয়ায় হতাশায় ডুবে যায় বাংলাদেশ শিবির।

শেষ ১০ মিনিটে মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। ৮৫ মিনিটে শমিত সোমের কর্নার থেকে তৈরি সুযোগও কাজে লাগাতে পারেনি দল। ফিরতি বলে তার শট সরাসরি গোলরক্ষকের হাতে জমা পড়ে। অন্যদিকে, সময় ক্ষেপণ ও রক্ষণ জোরদার করতে একাধিক পরিবর্তন আনে সিঙ্গাপুর।

শেষ মুহূর্তে চাপ বাড়ালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বাংলাদেশ। যোগ করা সময়সহ শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও স্কোরলাইন আর বদলায়নি।

ম্যাচজুড়ে পারফরম্যান্সে পিছিয়ে না থেকেও গোলের সামনে ব্যর্থতা এবং রক্ষণে একটি ভুল; এই দুই কারণেই শেষ পর্যন্ত পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হলো বাংলাদেশকে। অন্যদিকে সিঙ্গাপুরের জন্য জয়টি সহজ ছিল না। তবে সুযোগ কাজে লাগিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।