মালদ্বীপের রাজধানী মালেতে নাটকীয় এক ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ।
শুক্রবার (০৩ এপ্রিল) রাতে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে লাল-সবুজের তরুণরা। তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুরু থেকেই ম্যাচে ছিল চাপা উত্তেজনা। গ্রুপ পর্বে দুই দলের ১-১ ড্রয়ের স্মৃতি মাথায় রেখেই সতর্ক কৌশলে খেলতে নামে উভয় দল। প্রথমার্ধে বল দখল ও আক্রমণে পাল্টাপাল্টি লড়াই হলেও কেউ গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধেও একই চিত্র, দুই দলই সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তে সফলতা আসেনি।
নির্ধারিত ৯০ মিনিটে ফল না আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ সামলে দুর্দান্ত দক্ষতা দেখায় বাংলাদেশের ফুটবলাররা। নিখুঁত শটে ৪টি গোল আদায় করে নেয় তারা, অন্যদিকে ভারত ৩টির বেশি করতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারের জয়েই নিশ্চিত হয় শিরোপা।
ফাইনালের আগে থেকেই গ্যালারিতে ছিল বাংলাদেশি সমর্থকদের আধিপত্য। প্রবাসীদের সরব উপস্থিতিতে পুরো স্টেডিয়াম যেন হয়ে উঠেছিল বাংলাদেশের ‘ঘরের মাঠ’। সেই সমর্থনই খেলোয়াড়দের বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে।
ফাইনালে ওঠার পথে বাংলাদেশ নেপালকে ১-০ গোলে হারিয়ে আসে, আর ভারত ভুটানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে জায়গা করে নেয় শেষ লড়াইয়ে। ফলে শক্তির দিক থেকে দুই দলই ছিল সমানতালে।
২০২২ সালের ফাইনালে ভারতের কাছে হারের স্মৃতি আরও একবার মুছে ফেলল বাংলাদেশ। প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামা দলটি শেষ পর্যন্ত তা বাস্তবেও রূপ দিল। কোচ মার্ক কক্সের পরিকল্পনা ও খেলোয়াড়দের শৃঙ্খলিত পারফরম্যান্সই এনে দিয়েছে এই সাফল্য।
প্রধানমন্ত্রীর অভিনন্দন সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতার এই সাফল্যকে জাতির গর্ব বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এই অর্জন ভবিষ্যতে দেশের ফুটবলে আরও ইতিবাচক প্রভাব ফেলবে।