খেলাধুলা

ভারতকে চিঠি দিয়ে জবাবের অপেক্ষায় বিসিবি

ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টায় ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । বিসিসিআই সেই চিঠি গ্রহণ করেছে। তবে আনুষ্ঠানিক জবাব দেয়নি। সেই অপেক্ষাতেই আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ।  

মোস্তাফিজুর রহমানকে আইপ্রিল থেকে বাদ দেওয়ার পর থেকে দুই বোর্ডের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বাংলাদেশ পরবর্তীতে ভারতে বিশ্বকাপও খেলতে যায়নি নিরাপত্তা ইসু‌্যতে। যা দুই দেশের ক্রিকেট সম্পর্কে ফাটল সৃষ্টি করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। ক্রিকেটারদের কথাও শুনেনি। সব মিলিয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নিতে একপ্রকার বাধ‌্য হয়ে ছিল বিসিবি।

সামনে ভারতের সফর আছে বাংলাদেশে। এর আগে সম্পর্কের বরফ গলাতে বিসিবি এক পা বাড়িয়েছে। আনুষ্ঠানিকভাবে ভারতকে চিঠি দিয়েছে সম্পর্ক উন্নয়নের কথা জানিয়ে। ভারতের বাংলাদেশ সফরের মনোভাব, নারী ক্রিকেটারদের সিরিজ এবং যুব ক্রিকেটারদের নিয়ে দুই দেশেই হোম অ‌্যান্ড ‌অ‌্যাওয়ে সিরিজ করা যায় কিনা সেসব চিঠিতে উল্লেখ করেছে বিসিবি।

সরকার পরিবর্তনের পর ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল বাংলাদেশের সফর স্থগিত করেছে। ভারতের একটি সফর যেকোনো দেশের অর্থনীতির জন‌্য বেশ গুরুত্বপূর্ণ। অনেকেই বলেন, বোর্ডের এক বছরের সিরিজে যতটা না আয়, ভারতের এক সিরিজে তার দ্বিগুন আয় করা যায়। ভারতের বিশাল মার্কেটের সঙ্গে সিরিজের স্পন্সর, টিকিট, গ্রাউন্ডস রাইট এবং অন‌্যান‌্য অনেক কিছু বিক্রি করে প্রচুর আয় করতে পারে আয়োজকরা। এজন‌্য এই বছরের দুইটি সিরিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে বেশ গুরুত্বপূর্ণ।   

একই সঙ্গে আগামী বছরের এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ নিশ্চিত করতেও উদ্যোগী বিসিবি, কারণ টুর্নামেন্টটির স্বত্ব বাংলাদেশের।