আইপিএলের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখলেন ভূবনেশ্বর কুমার। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে লিগের প্রথম পেস বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাইয়ের ম্যাচে আয়ুষ মাত্রেকে আউট করেই এই ঐতিহাসিক অর্জনে পৌঁছান ভূবনেশ্বর। এর মধ্য দিয়ে তিনি আইপিএলে ২০০ উইকেট পাওয়া দ্বিতীয় বোলার। প্রথমজন যুজবেন্দ্র চাহাল।
বর্তমানে ভূবনেশ্বরের উইকেট সংখ্যা ২০২, যা তিনি নিয়েছেন ১৯২ ম্যাচে, গড় ২৭.২৫। তালিকার শীর্ষে থাকা চাহালের ঝুলিতে রয়েছে ১৭৬ ম্যাচে ২২৪ উইকেট। আর তৃতীয় স্থানে আছেন সুনীল নারিন। তার উইকেট সংখ্যা ১৯৩।
মাইলফলকের উইকেটটি আসে এক দারুণ ডেলিভারিতে। অফ স্টাম্পের বাইরে লেংথ বলে টান দিতে গিয়ে তাল হারান মাত্রে। বল উঠে যায় মিড-অফে। যেখানে রজত পতিদার সহজ ক্যাচটি নেন।
এই ম্যাচে শুধু বলেই নয়, ব্যাট হাতেও ঝড় তোলে বেঙ্গালুরু। চিন্নাস্বামী স্টেডিয়ামে তারা তোলে ৩ উইকেটে ২৫০ রান। যা একেবারেই পাহাড়সম সংগ্রহ।
ইনিংসের শুরুটা করেন বিরাট কোহলি, ১৮ বলে ২৮ রান করেন তিনি। ফিল সল্ট ৩০ বলে ৪৬ রান করে দলকে ভালো ভিত্তি এনে দেন। এরপর দায়িত্ব তুলে নেন দেবদত্ত পাড়িক্কাল। যিনি ২৯ বলে ৫০ রান করেন। অধিনায়ক রজত পতিদার খেলেন ১৯ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস।
তবে শেষ ঝড়টা আসে টিম ডেভিডের ব্যাটে। মাত্র ২৫ বলে অপরাজিত ৭০ রান করেন তিনি, যেখানে ছিল ৮টি ছক্কা। পতিদার ও ডেভিড মিলে শেষদিকে মাত্র ৩৫ বলে ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে তোলেন। পুরো ইনিংসে বেঙ্গালুরু মারে ১৯টি ছক্কা। যা তাদের আধিপত্যই তুলে ধরে।
২৫১ রানের বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে ভুবনেশ্বরের বোলিং তোপে ১৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় চেন্নাই সুপার কিংস। আর বেঙ্গালুরু পায় ৪৩ রানের দারুণ জয়।