খেলাধুলা

‘রোনালদোকে কাঁদাবো’ -বিশ্বকাপের আগে কঙ্গোর মন্ত্রীর চ্যালেঞ্জ

বিশ্বকাপের মঞ্চে নামার আগেই উত্তেজনা ছড়িয়ে দিল কঙ্গো। রবিবার দেশটির ক্রীড়া মন্ত্রী দিদিয়ে বোদিম্বোর এক সাহসী মন্তব্যে এখন আলোচনার কেন্দ্রে কঙ্গোর জাতীয় দল।

বিশ্বকাপে যোগ্যতা অর্জনের উদযাপনে তিনি ঘোষণা দেন, “ক্রিস্টিয়ানো রোনালদো আমাদের বিপক্ষে খেলতে নেমে কাঁদবে।” এমন মন্তব্যে উল্লাসে ফেটে পড়ে উপস্থিত জনতা। তালির ঝড় আর চিৎকারে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেছে কঙ্গো। মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত প্লে-অফ ফাইনালে জামাইকাকে ১-০ গোলে হারিয়ে নিশ্চিত করে তারা মূল পর্বের টিকিট। এটাই তাদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ অংশগ্রহণ।

‘লেপার্ডস’ নামে পরিচিত দলটি ১৭ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এই ম্যাচটি ঘিরে এখন থেকেই তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।

এই ঐতিহাসিক অর্জনে খেলোয়াড়দের সম্মান জানাতে বড় ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স আন্তোয়ান তশিসেকেদি। জাতীয় দলের প্রতিটি খেলোয়াড়কে একটি করে বাড়ি ও একটি করে গাড়ি দেওয়ার ঘোষণা দেন তিনি।

রাজধানী কিনশাসার পিপলস প্যালেসে দলকে সংবর্ধনা দেওয়া হয় জমকালো আয়োজনে। শহরের রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। খোলা ছাদযুক্ত বাসে করে শহরজুড়ে প্রদক্ষিণ করে দলের খেলোয়াড়রা। আর জনতা তাদের বরণ করে নেয় নায়ক হিসেবে।

অর্ধশতকের বেশি সময় পর বিশ্বকাপে ফেরা কঙ্গোর জন্য এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং নতুন ইতিহাস গড়ার সুযোগ। শক্তিশালী প্রতিপক্ষের সামনে নিজেদের প্রমাণ করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।