খেলাধুলা

বার্নাব্যুতে বায়ার্নের দাপট, রিয়ালকে হারিয়ে এগিয়ে গেল জার্মান চ্যাম্পিয়নরা

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠেই দারুণ জয় তুলে নিল বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার দিবাগত রাতে বার্নাব্যুর রোমাঞ্চকর লড়াইয়ে ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনালের পথে বড় সুবিধা পেল জার্মান চ্যাম্পিয়নরা।

ইনজুরি কাটিয়ে ফেরা হ্যারি কেন ম্যাচের নায়ক। একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে ভূমিকা রেখে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেও গোল পাচ্ছিল না বায়ার্ন। তবে ৪১তম মিনিটে অবশেষে জালের দেখা পায় তারা। সের্গে গনাব্রির পাস থেকে লুইস দিয়াজ ঠান্ডা মাথায় গোল করে এগিয়ে দেন দলকে (১-০)।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই ব্যবধান দ্বিগুণ করেন কেন। ম্যাচের ৪৬তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে এই মৌসুমে নিজের ৪৯তম গোলটি করেন তিনি।

দুই গোল হজমের পর আক্রমণে ঝাঁপিয়ে পড়ে রিয়াল। ৭৪তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করে ম্যাচে ফেরার আশা জাগান। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের নিখুঁত ক্রস থেকে কাছ থেকে বল জালে জড়ান তিনি।

এরপর একাধিক সুযোগ পেলেও সমতা ফেরাতে পারেনি রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের একক প্রচেষ্টা এবং এমবাপ্পের শট- দুটিই দুর্দান্তভাবে রুখে দেন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। যিনি পুরো ম্যাচে মোট ৯টি সেভ করেন।

প্রথমার্ধেও নয়ারের দৃঢ়তায় গোলের দেখা পায়নি রিয়াল। এমবাপ্পে ও ভিনিসিয়ুসের প্রচেষ্টা ঠেকিয়ে দলের রক্ষণকে শক্ত রাখেন তিনি।

এই জয়ের ফলে পরের লেগের আগে এগিয়ে থাকল বায়ার্ন। ইতিহাসও তাদের পক্ষেই। এর আগে ইউরোপের এই প্রতিযোগিতায় বাইরে প্রথম লেগ জিতে ১৩ বারের মধ্যে ১২ বারই পরবর্তী ধাপে উঠেছে তারা। এছাড়া রিয়ালের বিপক্ষে টানা ৯ ম্যাচ জয়হীন থাকার রেকর্ডও ভাঙল বায়ার্ন।

আগামী সপ্তাহে জার্মানিতে অনুষ্ঠিত হবে ফিরতি লেগ। যেখানে চূড়ান্ত হবে সেমিফাইনালের টিকিট।